মৌলভীবাজার, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেল লাইনের ওপর গাছ পড়ে থাকায় মঙ্গলবার রাতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ ছিলো।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ প্রচণ্ড ঝড়ো বাতাসে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রেল লাইনের ওপর বেশ কয়েকটি গাছ উপরে পড়ে।
পরে রাত ১০টার দিকে রেল লাইনের ওপর থেকে গাছগুলো অপসারণ করার পরে আবার ট্রেন চলাচল শুরু হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাসে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেল লাইনের ওপর বিভিন্ন প্রজাতির কয়েকটি গাছ উপড়ে পড়ে।
এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস, শ্রীমঙ্গল ও সিলেট থেকে ছেড়ে আসা কুশিয়ারা এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর আটকা পড়ে বলে জানান রেল কর্মকর্তা আজিজুর।
রেলকর্মীদের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় গাছগুলো অপসারণের পর রাত ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩১৫ ঘ.
bdnews24