২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া কয়লা খনিতে নতুন কর্মসূচি

তিনদফা দাবিতে বড় পুকুরিয়া কয়লা খনিতে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 07:23 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

দিনাজপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদফা দাবিতে বড় পুকুরিয়া কয়লা খনিতে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। দাবি পূরণে সরকার পদক্ষেপ না নিলে নতুন কর্মসূচি পালনের হুমকি দিয়েছে অবরোধকারীরা। মঙ্গলবার সন্ধ্যায় এ কর্মসূচির কথা বলেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। সোমবার সকাল ১০টায় কমিটির ডাকা এ কর্মসূচি শুরু হয়। বুধবার সকাল ১০টায় শেষ হওয়ার কথা। নতুন ঘোষণায় বলা হয়, বুধবার সকাল ১০টায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার আগে সরকার তাদের ৩ দফা দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নিলে ১০টা ১মিনিট থেকে কয়লা খনি এলাকায় ৪৮ ঘণ্টার রেলপথ-রাজপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কয়লা খনির অবরোধস্থলে এ কর্মসূচি ঘোষণা করেন সিপিবির দিনাজপুর জেলা সভাপতি আলতাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। তাদের তিনদফা হলো- ক্ষতিগ্রস্ত কৃষকদের গত আমন ফসলের ক্ষতিপূরণ প্রদান, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং জমি অধিগ্রহণের জন্য জরিপ কাজ বন্ধ করা। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় খনির আবাসিক গেটে এবং খনি এলাকায় প্রায় ২শ পুলিশ ও র‌্যাব সদস্য অবস্থান নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৭ ঘ.