২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিম দিয়েছে সিতেশের অজগর

শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সংরক্ষণবিদ সিতেশ রঞ্জন দেবের মিনি চিড়িয়াখানার স্ত্রী অজগরটি আবারো ৩০-৩৫টি ডিম দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

মৌলভীবাজার, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সংরক্ষণবিদ সিতেশ রঞ্জন দেবের মিনি চিড়িয়াখানার স্ত্রী অজগরটি আবারো ৩০-৩৫টি ডিম দিয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরের পশ্চিম ভাড়াউড়ায় এ মিনি চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় স্ত্রী অজগরটি নিবিষ্ট মনে ডিমের চারদিকে কুণ্ডলী পাকিয়ে তা দিচ্ছে। সঙ্গী পুরুষ অজগরটি রয়েছে পাহারায়। এর আগেও স্ত্রী আজগরটি দুইবার ডিম দিয়েছিলো বলে জানান সিতেশ দেব। তিনি জানান, রোববার সকাল ১০টার দিকে স্ত্রী অজগরটি ডিম পাড়ে। ডিমগুলোর রং সাদা, আকৃতিতে রাজহাঁসের ডিমের মতো। ডিম পাড়ার সঙ্গে সঙ্গেই অজগরটি ডিমের চারদিকে কুণ্ডলী পাকিয়ে তা দেওয়া শুরু করেছে। এ জন্য ডিমের সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হচ্ছে না বলে জানান সিতেশ। স্ত্রী অজগর এভাবে একটানা ৬০ থেকে ৭৫ দিন ডিমে তা দেবে। এরপর বাচ্চা ফুটাবে। এই সময়ে সে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবে না। পুরুষ সঙ্গীটির দায়িত্ব হবে তাকে পাহারা দেওয়া। সিতেশ জানান, বছর তিনেক আগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর পাহাড় থেকে সংগ্রহ করেছিলেন এই অজগর জুটিকে। তখন থেকেই তারা মিনি চিড়িয়াখানার বাসিন্দা। মিনি চিড়িয়াখানার পরিচালক সজল দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে স্ত্রী অজগরটি ২০০২ সালে ৩৮টি ও ২০০৪ সালে ৩০টি ডিম দিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৩৪ ঘ.