রংপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মোবাইল ফোনে এসএমএস'র মাধ্যমে তথ্য সেবা কার্যক্রম শুরু করেছে রংপুর পুলিশ।
শনিবার কোতয়ালি থানায় পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়।
রংপুরের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) বিনয় কৃষ্ণ বালা দুপুরে শহরের পুলিশ কমিউনিটি হলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই প্রযুক্তি ব্যবহার করে এখন থেকে বাদীকে সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার পর কোনো তথ্যের জন্যে আর থানায় যেতে হবে না।
জিডি বা মামলা নথিভুক্ত হওয়ার পর এ সংক্রান্ত সব তথ্য বাদীর মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
মামলার তদন্ত কর্মকর্তা কতদিনের মধ্যে যোগাযোগ করবেন কিংবা রিপোর্ট দেবেন, সম্ভাব্য কতদিনের মধ্যে পুলিশ রিপোর্ট দেবেন তা বাদীর মোবাইল ফোনে এসএমএস'র মাধ্যমে পৌঁছে যাবে।
তদন্ত শেষে পুলিশের নেওয়া ব্যবস্থার বিষয়ও মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে।
রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি লুৎফর রহমান।
সালেহ মোহাম্মদ তানভীর বলেন, এ সেবা চালুর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে নতুন সম্পর্কের সূচনা হবে।
তিনি জানান, আপাতত এই এসএমএস তথ্য সেবা শুধু কোতয়ালি থানায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি থানায় চালু করা হবে।
প্রধান অতিথি বিনয় কৃষ্ণ বালা বলেন, রংপুর পুলিশ যে অনলাইন ব্যবস্থা চালু করলো তার মাধ্যমে জনগণ আগে যে হয়রানির মুখোমুখী হতো তা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৮ ঘ.
bdnews24