২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ কর্মকর্তা র‌্যাপ আবার ঢাকা আসছেন

যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ স্টিফেন জে. র‌্যাপ রোববার ঢাকা আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ স্টিফেন জে. র‌্যাপ রোববার ঢাকা আসছেন। শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সাড়ে তিন মাস পরে আবার ঢাকায় আসছেন এ কর্মকর্তা। সফরে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে দেখা করবেন বলে বিজ্ঞপ্তিতে জানো হয়। গত ১০ জানুয়ারি বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকা সফর করেন স্টিফেন জে. র‌্যাপ । ওই সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরির্দশন করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান, সদস্য, নিবন্ধক এবং আইন কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেন র‌্যাপ। এছাড়া যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবীদের সঙ্গেও আলোচনা করেন তিনি। ১১ জানুয়ারি আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে বৈঠক করেন র‌্যাপ। এসময় আইনমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক আম্বাসাডার-অ্যাট-লার্জ স্টিফেন জে. র‌্যাপ। আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর স্টিফেন র‌্যাপ সাংবাদিকদের বলেছিলেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। আইনমন্ত্রীও এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে উদ্যোগ নেয়। গত বছরের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল। যুদ্ধাপরাধের অভিযোগে ইতোমধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ পদে নিয়োগ লাভের আগে স্টিফেন জে. র‌্যাপ ২০০৭ সালের জানুয়ারি থেকে সিয়েরা লিওনের বিশেষ আদালতের আইনজীবী হিসেবে কাজ করেন। তার কার্যকালেই তার দপ্তর প্রথমবারের মতো যৌনদাসপ্রথা এবং জোরপূর্বক বিবাহের মতো অপরাধ মানবতাবিরোধী অপরাধ হিসেবে ঐতিহাসিক রায় পায়। এ ছাড়া শান্তিরক্ষীদের ওপর হামলা এবং শিশুদেরকে সৈনিক হিসেবে ব্যবহার করাকে আন্তর্জাতিক মানবতা আইনের লংঘন হিসেবে রায় অর্জন করতে সক্ষম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮২৫ ঘ.