২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ফতোয়া নিয়ে আদালতের গাইডলাইন প্রয়োজন'

কোন কোন বিষয়ে ফতোয়া দেওয়া যাবে না- তা নির্ধারণ করে সর্বোচ্চ আদালতের একটি দিক নির্দেশনা দেওয়া উচিৎ বলে মত প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোন কোন বিষয়ে ফতোয়া দেওয়া যাবে না- তা নির্ধারণ করে সর্বোচ্চ আদালতের একটি দিক নির্দেশনা দেওয়া উচিৎ বলে মত প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ফতোয়া অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে বৃহস্পতিবার তিনি বলেন, "কী কী বিষয়ে ফতোয়া দেওয়া উচিত নয়, এ নিয়ে সর্বোচ্চ আদালতের গাইডলাইন দেওয়া উচিত।" প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ আগামী সোমবার আবার এ আপিলের ওপর শুনানি গ্রহণ করবে। বৃহস্পতিবার শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের আইন, আদালতের রায়, রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে এবং মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত করে কোনো ফতোয়া দেওয়া উচিত নয়। 'নারীনীতি হারাম', 'জন্মনিয়ন্ত্রণ পাপ' এ ধরনের ফতোয়া দেওয়া উচিত হয়। তিনি বলেন, "ফতোয়া কখনো কখনো মতামত, কখনো আবার নির্দেশ। বর্তমান মামলায় ফতোয়া হচ্ছে নির্দেশ। অন্য একজন পুরুষকে বিয়ে করার জন্য একজন মহিলার প্রতি নির্দেশ। এতে করে ওই মহিলাকে অন্য পুরুষের সঙ্গে থাকতে বাধ্য করা হয়েছিল। তাদের স্বামী-স্ত্রী কি ওই সময়ের কথা ভুলতে পারবে? তাদের সম্পর্ক কি আগের মতো স্বাভাবিক হবে? এ জন্য ফতোয়াবাজরা দায়ী।" শুনানিতে অ্যামিকাস কিউরি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, "আমাদের সংবিধানে ও প্রচলিত আইনে ফতোয়ার কোনো স্থান নেই। ফতোয়া সংবিধান ও আইন বহির্ভূত।" ব্যারিস্টার আমীর-উল-ইসলাম বলেন, আইন অনুযায়ী কারো মৌলিক অধিকার, জীবনের স্বাধীনতা ও পারিবারিক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হলে তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, "ফতোয়া হচ্ছে জ্ঞান। যে কোনো জ্ঞানী ব্যক্তি, পিতা-মাতা, দাদা-নানা, যিনি ধর্ম সম্পর্কে জানেন তার কাছ থেকে ফয়সালা পাওয়া যেতে পারে।" ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইন কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছর মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ আপিল করেন। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে গত ১ মার্চ ওই আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯১৩ ঘ.