ঢাকা,এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে বখাটেদের নির্যাতনে এক গার্মেন্ট কর্মীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার গভীর রাতে শামছুন্নাহারকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
কদমতলী থানার ওসি আইয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আপাতত একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।"
শামছুন্নাহারের বোন লাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২২ এপ্রিল সন্ধ্যায় শামছুন্নাহার জুরাইনের বাসা ভাড়া থেকে বের হওয়ার পর বখাটেরা তাকে জোর করে ধরে নিয়ে যায়।
পরদিন সকালে জুরাইনের আলম মার্কেটের সামনের রাস্তায় শামছুন্নাহারকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
লাকি জানান, শুরুতে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় শামছুন্নাহারকে। বুধবার রাতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শামছুন্নাহার কদমতলী এলাকার ওয়ান্ডার নামে একটি গার্মেন্ট কারখানায় কাজ করতেন। তার স্বামী আলামিন একজন রিকশা চালক। সুমন নামে তাদের সাত বছর বয়সী একটি ছেলে আছে বলে লাকি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৮৪৭ ঘ.
bdnews24