ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এক মাসের মধ্যে সিলেকশন গ্রেড দেওয়া না হলে আন্দোলনের হুমকি দিয়েছে চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির কার্যকরী সভাপতি মোহাম্মদ আলী।
সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, "কর্মচারীদের ন্যায্য দাবি এক মাসে মধ্যে মেনে নিয়ে সিলেকশন গ্রেড দিতে হবে। তা না হলে কর্মচারীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।"
সভায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সিলেকশন গ্রেড পাঁচ বছরের পরিবর্তে চার বছর পরপর দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া রেশন কার্ড বা ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে কর্মচারীদের ন্যায্যমূল্যে মাসে ২০ কেজি চাল কেনার সুবিধা ও পুলিশ-বিডিআরের মতো রেশন দেওয়ার দাবি জানায় কর্মচারীরা।
২০০৬ সালের নিয়োগবিধি বাতিল করে উচ্চ-শিক্ষিত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যোগ্যতার ভিত্তিতে উচ্চ পদে নিয়োগের আবেদনের ক্ষেত্রে বয়স শিথিল করারও জোর দাবি জানানো হয় সভায়।
সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক, আব্দুস সোবাহান শেখ, আবুল হাসেম মজুমদার ও মনজুর আহম্মদ এতে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৫০ ঘ.
bdnews24