২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের 'দুর্নীতির শ্বেতপত্র' প্রকাশের দাবি

চাকরিতে পুনর্বহাল এবং ড. মুহাম্মদ ইউনূসের 'দুর্নীতির শ্বেতপত্র' প্রকাশের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছেন গ্রামীণ ব্যাংক থেকে চাকরিচ্যুত শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

দিনাজপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরিতে পুনর্বহাল এবং ড. মুহাম্মদ ইউনূসের 'দুর্নীতির শ্বেতপত্র' প্রকাশের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছেন গ্রামীণ ব্যাংক থেকে চাকরিচ্যুত শতাধিক কর্মকর্তা-কর্মচারী। বুধবার দুপুর ১টার দিকে দিনাজপুর অঞ্চলের গ্রামীণ ব্যাংকের প্রায় দেড়শ কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ মিছিল শেষে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। গ্রামীণ ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার (দিনাজপুর) হাসান পারভেজ লিখিত অভিযোগে বলেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিভিন্ন কৌশলে সারা দেশে আট হাজার কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক অবসর এবং বরখাস্ত করা হয়েছে। "গ্রামীণ ব্যাংক থেকে সম্মানের সঙ্গে কারো বিদায় নেওয়ার নজির নেই। অথচ তিনি এখন সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার জন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থার শরণাপন্ন হয়েছেন।" হাসান জানান, দিনাজপুরে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সময়ে বাধ্যতামূলক অবসর ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দুশ ০৬ জন। ইউনূসকে অব্যাহতির সিদ্ধান্ত ও হাইকোর্টের রায়কে অভিনন্দন জানিয়ে তাকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ না দেওয়ার জন্য দাবি জানানো হয়। গ্রামীণ ফোন থেকে পাওয়া লভ্যাংশ, গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান, ড. ইউনূসের বিদেশ ভ্রমণ ও সম্মানীভাতা এবং বিদেশ থেকে পাওয়া অনুদানের তথ্য প্রকাশের পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির জন্য আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান সাবেক কর্মকর্তা-কর্মচারীরা। গত বছরের ডিসেম্বরের শুরুতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন। এরপর গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনায় সরকার একটি কমিটি গঠন করে। কমিটি ২৫ এপ্রিল প্রতিবেদন দিয়েছে। গত ২ মার্চ অনুমোদন ছাড়া গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পদে থাকার কারণ দেখিয়ে ইউনূসকে ওই পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে ইউনূস নিজে এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদ হাইকোর্ট ও আপিল বিভাগে গেলেও আদালত কেন্দ্রীয় ব্যাংকের আদেশকে বৈধ বলে রায় দেয়। আপিল বিভাগের রায় প্রত্যাহারে চলতি মাসে করা ইউনূসের আবেদনের শুনানি ২ মে পর্যন্ত মূলতবি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/পিডি/১৮১৬ ঘ.