বাগেরহাট, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদরে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ১২০ বস্তা চালসহ পাঁচজনকে মঙ্গলবার রাতে আটক করেছে জেলা খাদ্য বিভাগ।
খাদ্য বিভাগ জানায়, সদর উপজেলার রাখালগাঁছি ইউনিয়নের সিএন্ডবি বাজার এলাকায় ওএমএস'র ডিলার শান্তি রঞ্জন দাসের দোকান থেকে চালসহ পাঁচ জনকে আটক করা হয়। এ সময় চাল বহনকারী একটি পিকআপ ও দুটি টেম্পু জব্দ করা হয়।
আটক অপর চার জন হলেন- শান্তি রঞ্জন দাসের ছেলে প্রকাশ দাস, মহারাজ খলিফা, আলাউদ্দিন এবং মাহফুজ শেখ। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিমুল আজম বুধবার জানান, সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগে রঞ্জন দাসের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তি রঞ্জন দাস মঙ্গলবার দুপুরে খাদ্য গুদাম থেকে ছয় টন চাল উঠিয়ে নেন। ওই চাল কালোবাজারে বিক্রি করা হচ্ছে, এমন খবর পেয়ে তার রাতেই তার দোকানে অভিযান চালানো হয়।
রঞ্জন দাসের বিরুদ্ধে এর আগেও কালোবাজারে চাল বিক্রির অভিযোগ ছিলো বলে জানান তিনি।
এ ব্যাপারে বাগেরহাট মডেল থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫২১ ঘ.
bdnews24