ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাঠকর্মী কাজী জোহরা খাতুন (৩৮) হত্যা মামলায় এক দম্পতিকে ৩৩ বছর করে কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
একইসঙ্গে তাদের ৫২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর দুই মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের কুশিয়ারাবাগের মো. আতিক ওরফে উকিল এবং তার স্ত্রী অন্ত:সত্ত্বা ময়না বেগম।
বিচারক রায়ে বলেছে, যেহেতু আসামিদের বয়স কম এবং ময়না বেগম অন্ত:সত্ত্বা তাই তাদের ফাঁসির আদেশ না দিয়ে সাজা কমিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া ময়না বেগমের মা ফরিদা বেগমকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় জানা যায়, ২০০৯ সালের ৮ ফেব্র"য়ারি জোহরা কিস্তির টাকা আদায়ের জন্য আসামিদের কেরানীগঞ্জের ছোট কুশিয়ারবাগের বাসায় যান। পূর্ব পরিকল্পিতভাবে ময়না ও আতিক ওইদিন জোহরাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর তারা লাশটি বুড়িগঙ্গার তীরে ফেলে রাখে।
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারের পর কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দন্ডিতদের ওই বছরের ১৯ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়। মাঝে তারা জামিনে কিছুদিন বাইরে ছিলেন।
মামলায় বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৮৩০ ঘ.
bdnews24