২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ বছর পর এক মানসিক ভারসাম্যহীনের মুক্তি

১৯৮৫ সালের ১০ জুলাই সকাল ১০টা। দায়ের কোপে বোনের শাশুড়ির ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে এক তরুণ। এরপর সেই মাথা নিয়ে গ্রামে ঘুরতে থাকে সে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

শেরপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৮৫ সালের ১০ জুলাই সকাল ১০টা। দায়ের কোপে বোনের শাশুড়ির ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে এক তরুণ। এরপর সেই মাথা নিয়ে গ্রামে ঘুরতে থাকে সে। ঘটনাটি শুনে প্রথম দফায় যে কারোরই গা শিউরে ওঠার কথা। এ হত্যাকাণ্ডের জন্য ওই কিশোরের দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়াই স্বাভাবিক। তবে সেই তরুণ ছিলো মানসিক ভারসাম্যহীন। আর সেজন্যই অবশেষে মামলা থেকে অব্যাহতি দেওয়ায় মুক্তি মিলেছে মাঝবয়সী মোতালেবের, তবে বন্দি হওয়ার ২৬ বছর পর। সোমবার আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা সার্বিক দিক বিবেচনায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন। অনেকেই বলছেন- মানসিক ভারসাম্যহীন হওয়ার পরও কেন মোতালেবকে দীর্ঘ সময় কারাগারে রাখা হলো? শেরপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠাণ্ডু বলেন, "আসলে পাগলের ওপর আইন চলে না। কিন্তু আদালতকেও তো নিশ্চিত হয়েই সিদ্ধান্ত নিতে হবে। আইনের প্রক্রিয়াগত কারণেই অনেক সময় কিছু কিছু বিষয়ে মানবিক হওয়ার অবকাশ থাকে না।" মঙ্গলবার সকালে জেলা কারাগার থেকে বড় ভাইয়ের জিম্মায় মোতালেবকে দেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত জেলার আব্দুল বারী। অবশ্য মুক্তি মিললেও শঙ্কায় আছেন পরিবারের সদস্যরা। বড় ভাই জয়নাল আবেদীন (৫৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ভয় পাচ্ছি ওরে নিয়া আমরা কিবাই সামলাই রাকপাম। যুদি আবার কোন কিছু ঘটাই হালায়।" তিনি জানান, তাদের বাড়ি নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় গ্রামে। সেখানেই ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিলো। সে সময় মোতালেবের বয়স ছিলো ১৮। মামলার নথিপত্র থেকে জানা যায়, ওই ঘটনায় নিহতের নাতি আব্দুল হাকিম বাদি হয়ে তার মামা মোতালেবকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ১৯৮৫ সালের ২৩ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। ভারসাম্যহীন হওয়ায় কারা কর্তৃপক্ষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পাবনা মানসিক হাসপাতালে কয়েক দফায় চিকিৎসাও করায় তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬৪০ ঘ.