মাদারীপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়াল খাঁসহ ৫৩টি নদ-নদীতে খনন কাজ চালানো হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শনিবার মাদারীপুরে এ অনুষ্ঠানে তিনি বলেন, নৌপথের নাব্যতা ফিরিয়ে আনার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব।
পুরানবাজার ব্রিজ এলাকায় সকালে তিনি মাদারীপুর-চরমুগুরিয়া-টেকেরহাট-গোপালগঞ্জ নৌপথ খনন প্রকল্প উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, বৃটিশ আমলে এই রুটে নৌযান চালু ছিল। আড়িয়াল খাঁ ও নিু কুমার নদীতে পলি জমে এ রুটটি নাব্যতা হারিয়ে নৌ-চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।
এতে এ অঞ্চলের পাট বাণিজ্যের কেন্দ্র হিসেবে ঐতিব্যবাহী চরমুগরিয়া বন্দর তার সুখ্যাতি হারিয়ে ফেলে।
এ নৌপথে নদীর তীরে মাদারীপুর এ. আর. হাওলাদার জুট মিল, চরমুগরিয়া জমাদ্দার জুট মিল, মোস্তফাপুর টেক্সটাইল মিল, রাইস মিলসহ অনেক ছোট বড় শিল্প কারখানা, হাট বাজার ও ব্যবসা কেন্দ্র রয়েছে।
এ রুটে খননের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হলে ঢাকা-খুলনার মধ্যে স্বল্প দূরত্বের সাশ্রয়ী নৌ পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে, বলেন মন্ত্রী।
প্রকল্প উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান মো. আব্দুল মালেক মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক শশী কুমার সিংহ, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।
উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র প্রধান প্রকৌশলী আব্দুল মতিন, পরিচালক পরিকল্পনা মাহমুদ হাসান সেলিম প্রমুখ।
বিআইডাব্লিউটিএ অফিস জানায়, ১৪৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে দুইশ' কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের মাধ্যমে সারাবছর আট ফুট গভীরতায় নৌযান চলাচলের উপযোগী করা হবে।
২০১৩ সালের জুন মাসের মধ্যে বিআইডাব্লিউটিএ'র প্রকল্পটি বাস্তবায়ন কাজ শেষ করার কথা রয়েছে।
বিআইডাব্লিউটিএ চেয়ারম্যান মো. আব্দুল মালেক মিয়া বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় প্রথম পর্যায়ে ২৪টি নদী-পথ খননের কাজ শুরুর নিদের্শ দিয়েছে। তার অংশ হিসেবে এই নদী-পথ খনন কাজের উদ্বোধন করা হয়।
এ ছাড়া বর্তমান সরকার ছোট-বড় আরো প্রায় অর্ধশত নদীতে খনন কাজ করবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৮ ঘ.
bdnews24