ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার প্রক্রিয়াকে গতিশীল করতে সরকার শিগগিরই দেওয়ানি কার্যবিধি সংশোধন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। এতে মামলা দায়ের থেকে বিচারের সময় নির্দিষ্ট করে দেওয়া হবে।
মন্ত্রী বলেন, বিচারিক আদালতে বছরের পর বছর মামলা যেন ঝুলে না থাকে, সে জন্য তদন্ত এবং বিচার প্রক্রিয়া শেষ করার সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে।
আইন মন্ত্রণালয়ের লেজেসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আয়োজিত 'দেওয়ানি কার্যবিধি-১৯০৮' সংশোধন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শনিবার একথা বলেন।
আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধানমন্ত্রীর দেওয়া তাগিদকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ নয় বলে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা জনগণের মধ্যে আস্থাহীনতার জন্ম দেয়। অনেক সময় বিলম্বিত বিচার সুবিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তাই মামলা নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিয়ে সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
"কারণ বর্তমান সরকার দেশে আইনের শাসন কায়েম করতে চায়। আইনের শাসন ছাড়া দেশে গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়", বলেন তিনি।
মন্ত্রী জানান, জাতীয় সংসদের আগামী অধিবেশনেই দেওয়ানি কার্যবিধিতে এ সংশোধনী আনা হবে। এজন্য সরকারের পক্ষ থেকে প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
"এতে মানুষ সময়মতো বিচার পাবে, আদালতগুলোতে মামলাজটও অনেকটা কমে যাবে", বলেন তিনি।
একই কারণে ফৌজদারি কার্যবিধি সংশোধনের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে শফিক জানান।
জমি-জমা সংক্রান্ত মামলাগুলো দেওয়ানি এবং হত্যাসহ অন্যান্য অপরাধের মামলাগুলো ফৌজদারি হিসেবে বিবেচিত হয়।
এদিকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পাবলিক প্রসিকিউটরদের ১৫তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থায় মামলা নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে।
মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পাবলিক প্রসিকিউটরদের (পিপি) উদ্যোগী হওয়ার তাগিদ দেন তিনি। এছাড়া বিচারকদের শূন্য পদে দ্রুত নিয়োগের আশ্বাসও দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআরআর/এমআই/১৪১০ ঘ.
bdnews24