ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার মৃত্যুতে প্যারোলে ছয় ঘণ্টা মুক্ত থাকার পর বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে নিয়ে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা হয় পুলিশ।
বৃহস্পতিবার ২টা ২৫ মিনিটে মুক্তি পান পিন্টু। বিকাল সোয়া ৪টার দিকে তিনি লালবাগের হাজারীবাগের বাসায় পৌঁছান। এরপর তিনি বাবার জানাযা ও দাফনে অংশ নেন।
বাসায় ঢোকার পরপরই সেখানে আবেগময় পরিবেশ তৈরি হয়। প্রথমেই বাবার লাশের পাশে গিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকেন পিন্টু। এসময় স্বজনদের অনেককেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।
বুধবার জিনজিরার কেরানীগঞ্জের বাসায় পিন্টুর বাবা মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ (৮২) বার্ধক্যজনিত রোগে মারা যান।
আছরের নামাজ শেষে লেদার টেকনলজি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা সিটি কর্পোরেশন মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপি নেতা মীর্জা আব্বাস, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য ফজলে নূর তাপস, সহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজিমপুর গোরস্থানে দাফন শেষে বাসায় ফিরেন পিন্টু। সেখান থেকেই তাকে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা দেন।
অবশ্য প্যারোলে থাকা অবস্থায় এই সাবেক সংসদ সদস্য গণমাধ্যমের কোনো কর্মীর সঙ্গে কথা বলেননি।
বাবা মৃত্যুর দিনই পিন্টু প্যারোলে মুক্তির আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার দুপুরে তা মঞ্জুর করে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুখসানা হাসিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, দাফন হওয়ার পর পরবর্তী ছয় ঘণ্টা সময় পাবেন পিন্টু। এরপর আবার তাকে কারাগারে ফিরতে হবে।
পিলখানা বিদ্রোহের সময় হত্যার ঘটনায় দায়ের করা মামলাসহ তিনটি মামলার আসামি পিন্টু ২০০৯ সালের ১১ জুন থেকে কাশিমপুর কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেটি/প্রতিনিধি/এফএফ/এমআই/আরএ/এএল/পিডি/২১৪৮ ঘ.
bdnews24