ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা শিক্ষার উচ্চ পর্যায়ের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুমোদন এবং শিক্ষাঙ্গনগুলোর তদারকির জন্য একটি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী মিলনায়তনে জমিয়াতুল মোদার্রেছীন নেতৃবৃন্দের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, "এফিলিয়েটিং ক্ষমতাসম্পন্ন একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা জাতীয় শিক্ষানীতিতে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ, আমরা এটা করে দেবো।"
তিনি জানান, মাদ্রাসা ও সাধারণ শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য দূর করার পাশাপশি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে।
'এফিলিয়েটিং ক্ষমতাসম্পন্ন' ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতির ৬ ধারার ১২ অনুচ্ছেদ উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী।
ওই অনুচ্ছেদে বলা হয়েছে, 'মাদ্রাসা শিক্ষার উচ্চ পর্যায়ের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুমোদন, শিক্ষাঙ্গনগুলোর তদারকি ও পরিবীক্ষণ এবং পরীক্ষা-পরিচালনার জন্য একটি অনুমোদকারী ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।'
দেশের মাদ্রাসাগুলোর অবকাঠামো উন্নয়নে সরকারের নেওয়া ৭৩৮ কোটি টাকার প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "ইসলামী শিক্ষার উন্নতি ও সমৃদ্ধির জন্য আমার সরকার অঙ্গীকারাবদ্ধ। এ ব্যাপারে অনেক কাজ ইতোমধ্যে আমরা সম্পন্ন করেছি।"
শিক্ষা নীতিতে মাদ্রাসা শিক্ষাকে জাতীয় শিক্ষাব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা হয়েছে জানিয়ে জমিয়াতুল মোদার্রেছীন নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবন ও জীবিকার স্বার্থে সরকার শিক্ষার এই গুরুত্বপূর্ণ ধারাটির আধুনিকায়ন চায়।
তিনি বলেন, অন্যান্য ধারার সঙ্গে সমতা রক্ষায় নতুন শিক্ষা নীতি অনুযায়ী ইবতেদায়ী আট বছর, দাখিল দুই ও আলিম কোর্স দুই বছর মেয়াদী করা হবে। এছাড়া চার বছর মেয়াদী ফাজিল (অনার্স) এবং এক বছর মেয়াদী কামিল কোর্স চালু করা হবে।
"ধর্মীয় শিক্ষার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সমন্বয় করা হবে। যাতে মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় জীবনের সব ক্ষেত্রে সাধারণ শিক্ষায় শিক্ষিতদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।"
যারা শিক্ষানীতির বিরোধিতা করছে, তারা 'মাদ্রাসা শিক্ষার্থীদের ভাল চায় না' মন্তব্য করে শেখ হাসিনা বলেন, "তাদেরকে উচ্চ শিক্ষিত ও স্বাবলম্বী হতে দিতে চায় না তারা।"
নারী নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই নীতিতে যে অসঙ্গতি ছিলো, তা আগেই দূর করা হয়েছে।
"আমরা আমাদের আগের মেয়াদে আপত্তি রেখেই সিডও চার্টারে সই করেছিলাম। যারা এখন নারী নীতির বিরোধিতা করছেন, তারা যখন ক্ষমতায় ছিলেন- তখন তো এর বিরোধিতা করেননি।"
বিবি খাদিজার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "ইসলামেই নারীর সবচেয়ে বেশি সুবিধার কথা বলা আছে। বিবি খাদিজা ব্যবসা করতেন। তিনিই তার সম্পদের নিয়ন্ত্রণ রাখতেন।"
নারী নীতির বিরোধিতাকারীরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা করছে বলেও মন্তব্য করেন তিনি।
নারী নীতির বিরোধিতা করে মুফতি ফজলুল হক আমিনীর ডাকা হরতালের মাদ্রাসা ছাত্রদের কোরআন হাতে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছিল দাবি করে শেখ হাসিনা বলেন, "খোঁজ নিয়ে জানা গেছে, মাদ্রাসার ছাত্ররা হরতালের দিন রাস্তায় না নামলে তাদের তিন দিন খাবার না দেওয়ার কথা বলা হয়েছিলো।"
অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দিন বলেন, "নারী নীতি নিয়ে কথা হচ্ছে। এটা ভুল বোঝাবুঝি। ইসলামেই নারীকে সবচেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে।"
তিনি বলেন, "জামায়াত সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তারা এখন টাকা দিয়ে রাস্তায় লোক নামাচ্ছে। জামায়তের কাছে এখন সম্পদ রক্ষাই প্রধান।"
'এফিলিয়েটিং' ক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরে সংগঠনটির মহাসচিব সাব্বির আহমেদ মোমতাজি বলেন, "এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে কেউ আর রাস্তায় রাস্তায় ফতোয়া দিতে পারবে না।"
অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ, মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৭৩৮ ঘ.
bdnews24