২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সালিশে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রত্যন্ত এলাকায় পারিবারিক কলহের কারণে ডাকা সালিশ বৈঠকেই এক মুদি দোকানদারকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রত্যন্ত এলাকায় পারিবারিক কলহের কারণে ডাকা সালিশ বৈঠকেই এক মুদি দোকানদারকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম হোসেন (২৯) তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামের মৃত মহিরউদ্দিনের ছেলে। তাড়াশ থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই নুরুল ইসলামের সাথে ছয় বছর আগে একই গ্রামের আবু সাঈদের মেয়ে তারাভানুর বিয়ে হয়। বিয়ের পরপরই তাদের মধ্যে কলহ দেখা দেয়। দাম্পত্য কলহ চরম রূপ নিলে কিছুদিন আগে দুজন আলাদা বাস করতে শুরু করে।" ওসি জানান, এ বিষয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে দিঘুরিয়া গ্রামে নুরুল ইসলামের বাড়ির পাশে এক সালিশ বৈঠক বসে। এ বৈঠকের এক পর্যায়ে তারাভানুর পিতা আবু সাঈদের লোকজন নুরুল ইসলামের উপর চড়াও হয়ে মারপিট শুরু করে। এসময় নুরুল ইসলামের তিন ভাই তাকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনজনই গুরুতর আহত হয়। নুরুল ইসলামসহ চার ভাইকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর রাতে মোয়াজ্জেম হোসেন মারা যায়। নুরুল ইসলাম ও আহত অপর দুই ভাই তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ওসি আতাউর জানান, মোয়াজ্জেমেরে লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৭৩৫ ঘ.