২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এহসানুল হক মিলনের বিরুদ্ধে আরেকটি মামলা

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে চাঁদপুরের আদালতসহ বিভিন্ন থানায় ২৪টি মামলা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 06:10 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

চাঁদপুর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে চাঁদপুরের আদালতসহ বিভিন্ন থানায় ২৪টি মামলা হলো। মঙ্গলবার চাঁদপুরের কচুয়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলার ভূঁইয়ারা গ্রামের সাইফুল ইসলাম ওরফে মাইকেল। মামলায় মিলনকে প্রধান করে ১৫ জনের নম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করা হয়। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ২০০৫ সালের ১১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার সেঙ্গুলিয়া গ্রামে রাস্তার উপর অস্ত্র উঁচিয়ে মিলন ও তার লোকজন ভয়-ভীতি দেখিয়ে বাদীর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয়। কচুয়া থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হারুনুর রশিদ বলেন, ভাংচুর, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে করা মামলাটি পুলিশ তদন্ত করে দেখছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক এই সম্পাদক বর্তমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। মিলন ২১টি মামলায় জামিনে আছেন বলে জানান মিলনের আইনজীবী এ এন এম মাইনুল ইসলাম। ২০০১ সালে সংসদ নির্বাচনে প্রচারণার সময় আওয়ামী লীগের মহীউদ্দীন খান আলমগীরের গাড়ি বহরে হামলার অভিযোগে করা মামলায় ২০১০ সালের ১৪ মার্চ মিলন গ্রেপ্তার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৬ ঘ.