চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে থাকা উত্তর কোরীয় জাহাজ তিনমাসে উদ্ধার করা হতে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী প্রতিষ্ঠান।
ডুবে থাকা জাহাজ এমভি হায়াং রো বং প্রাথমিক পরিদর্শন শেষে উদ্ধারকারী প্রতিষ্ঠান প্রান্তিক বেঙ্গল ডাইভিং অ্যান্ড স্যালভেজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারোয়ার এ কথা জানান।
প্রাথমিকভাবে জাহাজটিকে ভাসানোর চেষ্টা করা হবে উল্লেখ করে তিনি বলেন, এরপর জাহাজে থাকা ৫০ কোটি টাকার সিদ্ধ চাল সরিয়ে নেওয়া হবে।
সোমবার দুপুরে স্থানীয় একটি হোটেলে জাহাজটি উদ্ধারের জন্য প্রান্তিক স্যালভেজের সঙ্গে মালিকপক্ষের চুক্তি হয়। গত ৬ এপ্রিল একটি দেশীয় জাহাজের সঙ্গে সংঘর্ষে বন্দরের বহির্নোঙরে এমভি হায়াং রো বং ডুবে যায়।
এদিকে জাহাজটি আর অক্ষত অবস্থায় উদ্ধার সম্ভব নয় বলে মনে করছেন মালিকপক্ষ চিন হুং শিপিংয়ের স্থানীয় প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজটি ডুবে যাওয়ার পর জলদস্যুরা এর গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি লুট করেছে। এছাড়া এর ইঞ্জিনও নষ্ট হয়ে গেছে। সুতরাং জাহাজটি অক্ষত অবস্থায় উদ্ধার করা প্রায় অসম্ভব।
জাহাজটিতে চার হাজার টন লোহা আছে উল্লেখ করে মহিউদ্দিন জানান, উদ্ধার হলে এর স্ক্র্যাপ মূল্য দাঁড়াবে ১০ কোটি টাকা।
চুক্তি অনুযায়ী উদ্ধারকারী সংস্থা জাহাজটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারলে ১০ কোটি টাকা নিয়ে জাহাজটি হস্তান্তর করবে, অথবা জাহাজের লোহা বিক্রি করে উদ্ধারকাজের খরচ পরিশোধ করবে বলে তিনি উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২৪৩ ঘ.
bdnews24