২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী অক্ষরানন্দের শেষকৃত্য অনুষ্ঠিত

শত শত ভক্ত-শিষ্য চোখের জলে বিদায় জানালো ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দ মহারাজকে। মঙ্গলবার দুপুরে রাজারবাগ বরদেশ্বরী কালীমন্দির শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শত শত ভক্ত-শিষ্য চোখের জলে বিদায় জানালো ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দ মহারাজকে। মঙ্গলবার দুপুরে রাজারবাগ বরদেশ্বরী কালীমন্দির শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে রোববার ঢাকার অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অক্ষরানন্দ মহারাজ। তার বয়স হয়েছিলো ৮২ বছর। তাকে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকাল থেকেই বরদেশ্বরী মন্দির প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ভক্ত ও গুণগ্রাহীরা। কালীমন্দিরের সহ-সাধারণ সম্পাদক ধীরেন দাশ জানান, সারা দেশে ৫৫ হাজার শিষ্য রয়েছেন স্বামী অক্ষরানন্দের। ১৯২৯ সালে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন অক্ষরানন্দ। ১৯৭৪ সালে তিনি ঢাকা রামকৃষ্ণ মিশনের দায়িত্ব নেন। এর আগে তিনি ভারতের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য পারিবারিকভাবেই স্বামী অক্ষরানন্দের ঘনিষ্ট ছিলেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি (অক্ষরানন্দ) ছিলেন একজন মানবতাবাদী ভাবধারার মানুষ। আমার মা প্রায় ৪০ বছর আগে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির পুরোধা।" অক্ষরানন্দ মহারাজের প্রথম শিষ্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের প্রধান ড. সামন্ত লাল সেন বলেন, "সব ধর্ম সম্পর্কেই স্বামীজীর ছিলো অগাধ জ্ঞান। আমি আগেই আমার বাবা-মাকে হারিয়েছি। আজ গুরুহারা হলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/২২২৭ ঘ.