সিরাজগঞ্জ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সিরাজগঞ্জ জেলা কমিটি।
গত শনিবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের অভ্যন্তরে অবস্থিত ডরমিটরিতে নিজ কক্ষে ডা. আব্দুল বাকি মির্জার গলাকাটা লাশ পাওয়া যায়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকালে আয়োজিত মানববন্ধনে চিকিৎসকরা ছাড়াও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্বাস্থ্য বিভাগে কর্মরত বিভিন্ন নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনের পর সমাবেশে বক্তব্যে সিরাজগঞ্জ সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আব্দুর রাজ্জাক, বিএমএ সভাপতি ডা. জহুরুল হক রাজা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
হত্যার ঘটনায় চিকিৎসক মির্জার দূর সম্পর্কের বোন ওয়াসিমা ওরফে এশাকে আটক করেছে পুলিশ। সোমবার তাকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
তবে ঘটনার তিন দিন পেরোলেও এ হত্যাকাণ্ডের কোনো সূত্র খুঁজে পায়নি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, "সদর হাসপাতালে পণ্যসামগ্রী সরবরাহের টেন্ডার, হাসপাতালে আসা বিভিন্ন ওষুধ কোম্পিানির প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়হীনতা এবং পরকীয়া সংক্রান্ত কোনো সূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"
ডা. মির্জা ২০০৭ সালে সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগ দেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপপুর গ্রামে।
মির্জার স্ত্রীও চিকিৎসক। তাদের একটি মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২২০ ঘ.
bdnews24