২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে হামলায় ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫

ঢাকার সাভারের আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদকালে হামলায় ম্যাজিস্ট্রেটসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 06:25 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

সাভার, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদকালে হামলায় ম্যাজিস্ট্রেটসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বিকালে বাইপাইলে নবীনগর-কালিয়াকৈর সড়কের দু'পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানে এ হামলা হয়। এ সময় কয়েকটি গাড়িও ভাংচুর করে হামলাকারীরা। আহতদের মধ্যে রয়েছেন- ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, সওজের গাড়ি চালক নাসির উদ্দিন, শাহজাহান, অফিস সহকারী হাবিবুর রহমান, কর্মচারী কাশেম, পথচারী মজিবুর রহমান, দেলোয়ার হোসেন, ফিরোজ মিয়া ও সালমা আক্তার। বাকিদের নাম জানা যায়নি। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪টার দিকে কামরুজ্জামানের নেতৃত্বে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরাতন জোনের প্রধান ফটক থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এক পর্যায়ে বাইপাইল বাসস্ট্যান্ডে এসে বাস কাউন্টারসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা অভিযান দলের ওপর হামলা চালায়। সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু'দিন আগে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে- এ মর্মে সওজের পক্ষ থেকে পুরো এলাকায় মাইকিং করা হয়। এরপরও অবৈধ দখলদাররা তাদের মালামাল না সরিয়ে অভিযান দলের ওপর হামলা চালায়। ঢাকার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি কর্মকর্তাদের উপর হামলার ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। কেউ অভিযোগ দিলে মামলা হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৭ ঘ.