জামালপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর জেলার সদর উপজেলায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা জামতলীতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
সোমবার সকাল ৮টার দিকে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করে। পুলিশ ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় বেলা ১০টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।
এলাকাবাসী জানান, জামালপুর সদরের পাতিলাকুড়া গ্রামের চাঁন মিয়ার ৮ বছরের মেয়ে তারিনকে ধর্ষণ করে পশ্চিমপাড় দিঘুলী গ্রামের মৃত আব্বাস আলীর বখাটে ছেলে হারুন। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা সালিশ বৈঠক করে এবং তারিনের পিতাকে মামলা করা থেকে বিরত রাখে।
এদিকে তারিন অসুস্থ হয়ে পড়ে এবং রোববার রাতে নিজ বাড়িতে বিনা চিকিৎসায় মারা যায়।
তার মৃত্যুতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা একজোট হয়ে সোমবার সকাল ৮টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক জামতলীতে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে জামালপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে যান। তিনি ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে জনতা শান্ত হয় এবং বেলা ১০টার দিকে অবরোধ তুলে নেয়। এরপর ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
পুলিশ সুপারের নির্দেশে তারিনের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারিন ধর্ষনের শিকার হওয়ার বিষয়ে তার পিতা চাঁন মিয়া মুখ খুলছেন না। চাঁন মিয়া বলছেন, তারিন জ্বরে স্বাভাবিক মৃত্যুবরন করেছে। কিন্তু এলাকাবাসীর বক্তব্য ও চাঁন মিয়ার বক্তব্যর মধ্যে অনেক ফারাক থাকায় বিষয়টি রহস্য সৃষ্টি করেছে।
ওসি জানান, পুলিশ সুপারের নির্দেশে মেয়েটির মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৪০ ঘ.
bdnews24