চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে যাওয়া চালবাহী উত্তর কোরীয় জাহাজ উদ্ধারে কাজ শুরু হয়েছে।
গত ৬ এপ্রিল ডুবে যাওয়া এ জাহাজ দুই মাসের মধ্যে উদ্ধারের জন্য দেশীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে উত্তর কোরীয় জাহাজের মালিক প্রতিষ্ঠান চিন হুং শিপিং।
প্রান্তিক বেঙ্গল ড্রাইভিং অ্যান্ড স্যালভেজ বন্দরের বহির্নোঙরের ব্রাভো অ্যাংকরেজে ডুবে থাকা এমভি হায়াং রো বং জাহাজটি উদ্ধার করবে।
সোমবার নগরীর একটি রেস্তোরাঁয় চিন হুং শিপিংয়ের স্থানীয় প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের এবং স্যালভেজ প্রতিষ্ঠান প্রান্তিকের নির্বাহী পরিচালকের মধ্যে এ চুক্তি হয়।
ক্যাপ্টেন মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রান্তিক দুই মাসের মধ্যে জাহাজটি উদ্ধারের কাজ শেষ করবে বলে চুক্তিতে বলা হয়েছে।
সোমবার দুপুর থেকেই প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, উদ্ধারের যন্ত্রপাতি এরই মধ্যে জাহাজের কাছে নেওয়া হয়েছে।
তবে জাহাজটি উদ্ধারের জন্য কত টাকা দেওয়া হচ্ছে, তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।
বাংলাদেশি জাহাজ এমভি বঙ্গলঙ্কার ধাক্কায় ডুবে যাওয়া জাহাজে সরকারের আমদানি করা ৫০ কোটি টাকা সমমাণের চাল ছিলো।
ডুবে থাকা অবস্থায় জাহাজে লুটপাট চালানোর সময় দুদনি আগে কয়েকজন জলদস্যুকে গ্রেপ্তারও করে উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪১০ ঘ.
bdnews24