২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট হামলারেজ্জাকুল-রহিম ৪ দিনের রিমান্ডে

১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী ও আব্দুর রহিমকে ২১ অগাস্টের গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলায় চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 07:17 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী ও আব্দুর রহিমকে ২১ অগাস্টের গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলায় চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সিআইডি। ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দের আবেদনে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত সোমবার এ অনুমতি দেয়। গত ১৩ এপ্রিল সিআইডি তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের এ আবেদন করে। তদন্ত কর্মকর্তা সাত দিন হেফাজতের আবেদন করলেও পেয়েছেন চার দিন। অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার উপস্থিতিতেই তাদের হেফাজতের আদেশ দেন মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান। দুই গোয়েন্দাপ্রধানকে ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছিলো। ওই মামলায়ও তাদের কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রহিমকে ২০০৯ সালের ১৫ মে রাতে ঢাকার ধানমণ্ডির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুলকে গ্রেপ্তার করা হয় একই সময়ে। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। ওই ঘটনায় মতিঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে মামলা হয়। পরে মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এমআই/১৪২৫ ঘ.