ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো বছরের সব জঞ্জাল ও জীর্ণতা মুছে ফেলে নতুন দিনের আহ্বানে নতুন বছরকে বরণ করে নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বাংলা নতুন বছর ১৪১৮ সালের সকালে দেশের মঙ্গল কামনা করে তিনি বলেন, "নতুন বছর আমাদের জন্য নতুন বার্তা নিয়ে আসুক।"
মন্ত্রিসভার সদস্য, দলীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা, বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে হাসিনা বলেন, "নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে। আমি আশা করি, নতুন বছর আমাদের জীবনে সুফল বয়ে আনবে। জনগণ শান্তি ও নিরাপত্তার মধ্যে বাঁচতে পারবে।"
রাজধানীসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্তভাবে পহেলা বৈশাখের অনুষ্ঠান পালিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "আনন্দঘন পরিবেশে শৃঙ্খলা রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে- এভাবে চললে আমরা এগিয়ে যেতে পারবো।"
আওয়ামী লীগ কর্মীরা দলীয় প্রধানের জন্য নববর্ষের শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে আসেন। গণভবণে যারা প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলেন, তাদের মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছিলো গণভবনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪০০ ঘ.
bdnews24