বান্দরবান, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বুধবার পার্বত্য বান্দরবান জেলায় চারদিনের সাংগ্রাই উৎসব শুরু হয়েছ।
এ জেলার সংখ্যাগরিষ্ঠ আদিবাসী গোষ্ঠী মারমারা চারদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার তাদের শুরু হওয়া উৎসব শেষ হবে শনিবার।
এদিকে রুমা উপজেলায় সামরিক বাহিনীর অধিগ্রহণ করা এলাকায় আদিবাসীদের প্রবেশ ও গাছ-বাঁশ কাটায় বিধিনিষেধের প্রতিবাদে সাংগ্রাই উৎসব বর্জনের ঘোষণা দিয়েছে জেলার মারমারা।
উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার সকালে শোভাযাত্রা এবং বিকালে আদিবাসীদের ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা।
পহেলা বৈশাখ ১৪ এপ্রিল সকাল ৭টায় শোভাযাত্রা। দুপুরে বুদ্ধ মূর্তি নিয়ে শোভাযাত্রা, বুদ্ধ মূর্তি স্নান এবং রাতে পিঠা তৈরি উৎসব। শুক্রবার বিকালে মৈত্রী পানি বর্ষণ, খেলাধুলা এবং রাতে পিঠা তৈরি। শনিবার বেলা ৩টায় মৈত্রী পানি বর্ষণ, তৈলাক্ত বাঁশে আরোহন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া জেলা প্রশাসনও একদিন নববর্ষ উদযাপনের কর্মসূচি নিয়েছে।
উৎসবের শুরুর দিন বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের পুরাতন রাজবাড়ি প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার রাজবাড়ি মাঠে গিয়ে শেষ হয়। বিকালে রাজবাড়ি মাঠে আদিবাসীদের ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শৈটিংওয়াই জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পবিত্র বুদ্ধ মূর্তি (মারমারা বৌদ্ধ ধর্মের অনুসারী) নিয়ে শহরে শোভাযাত্রা করে উজানীপাড়া এলাকায় সাঙ্গু নদীতে যাবে। সেখানে ব্দ্ধু মূর্তিকে স্নান করানো হবে।
রাত ৯টায় উজানীপাড়া ও মধ্যমপাড়ায় হবে পিঠা তৈরি।
শুক্রবার বেলা ৩টায় শহরের রাজবাড়ি মাঠে মৈত্রী পানি বর্ষণ ও তৈলাক্ত বাঁশে আরোহণসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। রাতে পিঠা তৈরি হবে।
শনিবার বেলা ৩টায় রাজাবাড়ি মাঠে আনুষ্ঠানিকভাবে মৈত্রী পানি বর্ষণ, তৈলাক্ত বাঁশে আরোহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
উৎসব শেষ হওয়ার পরদিন সকালে তরুণ-তরুণীরা ক্যায়াংয়ে (উপাসনালয়) বুদ্ধ ভান্তেদের পিঠা বিতরণ করবে। এছাড়া আত্মীয়-স্বজনদেরও পিঠা খাওয়াবে।
বাংলা বর্ষবরণ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসন পহেলা বৈশাখের অনুষ্ঠান করবে।
জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, সকাল ৭টায় রাজার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার রাজার মাঠে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর উশৈসিং, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসানসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়া সকাল সাড়ে ৭টায় সরকারিভাবে রাজার মাঠে পান্তা ভোজে আপ্যায়ন, সকাল ৮টায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৩টায় বলি খেলা প্রদর্শনী ও উন্মুক্ত ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, সাড়ে ৩টায় মহিলাদের দাড়িয়াবান্দা খেলা হবে।
এদিকে রুমা উপজেলা সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক লুপ্র" মারমা সাংবাদিকদের বলেন, গত ৭ এপ্রিল সেনাবাহিনীর রুমা জোন সদর দপ্তরে উপজেলার হেডম্যান কারবারীদের ডেকে নিয়ে সামারিক বাহিনীর জন্য অধিগ্রহণ করা এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনগণকে প্রবেশ না করতে এবং গাছ-বাঁশ না কাটতে বলেছে।
এ ঘটনার প্রতিবাদে তারা সাংগ্রাই উৎসব বর্জনের ঘোষণা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24