ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্যত ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকার চালানো অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ অসুস্থতার কারণ দেখিয়ে একটি সংসদীয় কমিটির বৈঠকে হাজির হতে অপারগতা জানিয়েছেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের ওপর এই সেনাপ্রধানের বেশ প্রভাব ছিলো বলে মনে করা হয়। সে সময় তার ভূমিকার জন্য রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যাপক সমালোচনার পাত্র জেনারেল মইন এখন বলছেন তিনি লিখিত জবাব দেবেন। তিনি একটি বিবৃতিও পাঠিয়েছেন।
জেনারেল মইনের বিবৃতি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির করা চার সদস্যের উপ-কমিটির সভাপতি রাশেদ খান মেনন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার অফিসে একটি বিবৃতি এসে পৌঁছেছে। তবে তিনি এর বিষয়বস্তু এখনো দেখেননি।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনা সদস্যদের ২০০৭ সালের সংঘর্ষ বিষয়ে বক্তব্য নিয়ে ১৮ এপ্রিল সংসদীয় উপকমিটির বৈঠকে হাজির হতে বলা হয়েছিলো মইন উ আহমেদকে।
সংঘর্ষের ঘটনা তদন্তে গত বছরের অগাস্ট মাসে এ উপ-কমিটি গঠন করা হয়।
মইন বিবৃতিতে বলেছেন, কোনো সাংসদ তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি।
তিনি বলছেন, অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্র থেকে বিশাল দূরত্ব অতিক্রম করে তার পক্ষে হাজির হওয়া সম্ভব নয়।
"দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি হৃদরোগ ও কিডনি সমস্যার পাশাপাশি অন্যান্য জটিলতা নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছি। বর্তমানে আমি চিকিৎসাধীন এবং এ অবস্থায় আমার পক্ষে এই দূরত্ব ভ্রমণ করা সম্ভব নয়।"
বিবৃতিটির রেকর্ড বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চিফ ক্রাইম প্রতিবেদক লিটন হায়দারের কাছে রয়েছে।
মইন উ আহমেদ আরো বলেন, "কমিটির সামনে হাজির হয়ে ওই ঘটনার বর্ণনা দিতে পারলে আমি নিজেও খুশি হতাম।"
অবশ্য এর পরেই তিনি যোগ করেন, "সংসদীয় কমিটির প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়ে একজন নাগরিকের দায়িত্ব হিসাবে আমি একটি বিবৃতি সংযুক্ত করছি।"
"এরপরও প্রয়োজন হলে অনুগ্রহ করে আমার ই-মেইলে যোগাযোগ করবেন", যোগ করেন তিনি।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ এর অগাস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে সেনা সদস্য ও ছাত্রদের সংঘর্ষের পর সারাদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষকসহ অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শত শত শিক্ষার্থী সেদিন সেনা সদস্যের নির্যাতনের শিকার হয়েছিলেন। পাশাপাশি অনেককে করা হয় গ্রেপ্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচকে/এএল/পিডি/২২১৭ ঘ.
bdnews24