ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষের প্রথম দিন (বৃহস্পতিবার) যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
বুধবার রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এ সময় তার সঙ্গে পুলিশের মহাপরির্দশক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ, র্যাব মহাপরিচালক মোখলেছুর রহমানসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর উপস্থিতিতেই র্যাব-পুলিশ রমনা বটমূল এলাকা ঘিরে মহড়া দেয়। এ সময় ছায়ানটের শিক্ষার্থী-কর্মকর্তা কর্মচারী এবং আলোকচিত্রীরা ক্ষুদ্ধ হলে পুলিশ কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে।
শামসুল হক বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। বর্তমান সরকারের আমলে প্রতিটি জাতীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে যার প্রমাণ বিশ্বকাপ ক্রিকেট।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসী ঘটনার কথা মাথায় রেখে রমনা বটমূলকে কেন্দ্র করে দেশের প্রতিটি এলাকায় বর্ষবরণে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
প্রতিমন্ত্রী জানান, রাজধানীতেই ১৭৫টি স্পটে বর্ষবরণের অনুষ্ঠান হবে।
রমনাবটমূল এলাকার আটটি গেইটের ছয়টি প্রবেশ ও দুটি বেরোনোর জন্য ব্যবহৃত হবে। এ এলাকায় আসার সময় সবাইকে ব্যক্তিগত গাড়ি দূরে রাখার অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/পিডি/২০২৮ ঘ.
bdnews24