শহীদুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দানব আকৃতির কুমিরের পেটের মধ্যে মানুষের রক্তাক্ত কাটা মাথা, গুলিতে ক্ষতবিক্ষত দেহ নিথর, ধর্ষিত নারী। কুমিরটির পিঠে চেপে বর্ষার আঘাতে তাকে ঘায়েল করতে চাইছে তিন যুবক। কিন্তু ফাঁক খুঁজে বৃহদাকার হা মেলে বেরিয়ে যাচ্ছে এটি। হিংস্র কুমিরকে আটকাটে ছুটে আসছে দুটি বাঘ। বাঘের সঙ্গে আরো অনেক প্রাণী। প্রাণপন চেষ্টা করছে সবাই। যেমন করেই হোক আটকাতে হবে 'দানবকে'।
৪০ বছরে বাংলাদেশ, কুমিরটির আকারও ৪০ ফুট। বিগত ৪০ বছরে আটকানো যায়নি এ কুমিরকে। তাই স্বাধীনতার ৪০তম বার্ষিকীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে এবার নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় যুদ্ধাপরাধীর প্রতীক হিসাবে শোভাযাত্রার সামনে ঠেলাগাড়িতে থাকবে এই 'দানব' কুমির।
বর্ষবরণের চারুকলার প্রস্তুতিটি সে রকমই। এখন শুধু অপেক্ষা, কখন ভোর হবে, নতুন সূর্য আনবে নতুন দিন, নতুন বছর।
'এসো সত্য, এসো সুন্দর, এসো মুক্তি' প্রতিপাদ্য নিয়ে বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নিয়মিত আয়োজন মঙ্গল শোভাযাত্রা।
প্রতি বছর নতুন আঙ্গিকে সাজানো হয় এ শোভাযাত্রা। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয়, রাজধানীবাসীর সঙ্গে সেই শোভাযাত্রায় অংশ নিতে দূর-দূরান্ত থেকেও আসেন অনেকে।
এবারের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি কাজের সমন্বয়ক চঞ্চল কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার বিগত ৪০ বছরেও করা যায়নি। দিন দিন কুমিরের মতোই শক্তিশালী হয়ে উঠেছে তারা। তাদের ধ্বংসযজ্ঞ এবং ৪০ বছরে শক্তিশালী হয়ে ওঠাকে ফুটিয়ে তোলা হবে প্রতীকী কুমিরের মাধ্যমে। এর স্বচ্ছ পেটের মধ্যে দেখা যাবে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধীদের মানবতাবিরোধী নানান কর্মকাণ্ড।"
তিনি জানান, শোভাযাত্রায় কুমিরের সঙ্গে থাকবে ১০ ফুট উঁচু দুটি বাঘের মুখোশ। এগুলো শক্তি সঞ্চার করবে কুমিরকে আটকাতে। থাকবে ২৫ ফুট লম্বা কাকাতুয়া, ২০ ফুট উঁচু ময়ূরপঙ্খী ছাড়াও ফুল ও পাখির একটি সমন্বিত ভাস্কর্য 'মকুর'।
২০ ফুট উঁচু ও ১২ ফুট লম্বা মকুরে থাকবে চারটি ফুল ও পাতার গুচ্ছ। তার মধ্যে থাকবে চারটি পাখি। মকুরের একেবারে মাথায় ফুলের ওপর ডানা মেলবে একটি ময়ূরপঙ্খী।
শোভাযাত্রাকে আরো বর্ণিল ও প্রাণবন্ত করতে শোলার পাখির প্রতিকৃতি, ম্যাশ পেপারের নানা রঙ-বেরঙের মুখোশ, পেঁচা, প্রজাপতি, খরগোশ ও টেপা পুতুলের মুখোশ, ঢাল-ঢোল, বাঁশি-বেহুলা, ঋঞ্জনি, লাঠি, বর্ষা, তীর-ধনুক ছাড়াও রাজা-রানী সেজে অনেকেই অংশ নেবেন শোভাযাত্রায়।
মঙ্গলবার চারুকলায় গিয়ে দেখা যায়, দল বেঁধে শিক্ষার্থীরা নানা কাজে ব্যস্ত। মূল ফটকের পাশেই এক দল শিক্ষার্থী সরা, স্কার্ফ, টি-শার্ট, মাটির তৈরি ব্যাঙ, হাতি, ঘোড়া, পুতুল ও কলমদানি প্রভৃতি তৈরি ও বিক্রি করছে। এ সবেই রয়েছে বিভিন্ন প্রকার দেশজ আল্পনা।
ফটক পেরিয়ে গেলেই চোখে পড়ে ব্যস্ত শিক্ষার্থীদের জটলা। কোথাও তৈরি হচ্ছে মুখোশ, কোথাও প্রতিকৃতির কাঠামো। কোথাও চলছে বিকিকিনি। বাঁশ, কাঠ, কাগজ ও খড় দিয়ে তৈরি করা হচ্ছে এসব প্রতিকৃতি।
বিশালাকার কুমিরের প্রতিকৃতির কাঠামো তৈরিতে ব্যস্ত রয়েছেন ১০-১২ জন শিক্ষার্থী। আর কাকাতুয়া, ময়ূরপঙ্খী ও মকুরের প্রতিকৃতির কাঠামোতে কাগজ লাগাচ্ছেন আরো অর্ধশতাধিক শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দিয়েছেন চারুকলার বাইরের আরো অনেকেই।
বাংলাদেশ বেড়াতে আসা যুক্তরাষ্ট্রের সাত তরুণ-তরুণীকে মঙ্গলবার দুপুরে দেখা যায় চারুকলায়। তাদের মধ্যে দুজন কাকাতুয়ার প্রতিকৃতিতে কাগজ লাগানোয় হাত লাগান।
তাদেরই এক জন সিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব দেখে আমি মুগ্ধ। পহেলা বৈশাখের দিন আমরা সবাই শোভাযাত্রায় অংশ নেবো।"
মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গগুলো তৈরির বাইরেও অনেকে নিপুন হাতে সাজিয়ে তুলছেন চারুকলার সীমানা প্রাচীরের বাইরের দিক। আল্পনা আঁকতে কেউ কেউ ধুয়ে-মুছে পরিষ্কার করছেন রাস্তা।
ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারের উৎসবেও রাত দিন কাজ করে চলছে সব বর্ষের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরাও।
বৈশাখ বরণের প্রস্তুতি সম্পর্কে চারুকলা অনুষদের ডিন মো. মতলুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারের মঙ্গল শোভাযাত্রার প্রাধান্য পাবে প্রতিবাদের ছাপ। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে আরো তরান্বিত কারার প্রচেষ্টা থাকবে শোভাযাত্রায়।
তিনি জানান, মঙ্গল শোভাযাত্রা ছাড়াও বুধবার বিকাল থেকে বসন্ত বিদায় ও চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চারুকলা চত্বরে। এতে বাউল সংগীত ও যাত্রা পরিবেশিত হবে।
চারুকলার শিক্ষার্থী দেবেন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবাই বিনা পারিশ্রমিকে কাজ করছেন। চারুকলার ঐতিহ্য আর বাঙালির স্বার্বজনিন উৎসবকে বরণ করতেই তাদের এই প্রচেষ্টা।
"এবারের মঙ্গল শোভাযাত্রাটি সকাল সাড়ে ৮টায় বাংলা একাডেমির সামনে থেকে শুরু হবে। হাইকোর্টের সামনে ঘুরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে চারুকলায় এসে শেষ হবে", বলেন শোভাযাত্রার প্রস্তুতি কাজের সমন্বয়ক চঞ্চল।
পহেলা বৈখাশের দিন রমনার বটমূলে ভোর সোয়া ৬টা থেকে ছায়ানট আয়োজন করবে বর্ষবরণের অনুষ্ঠান। মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায় র্যাব-পুলিশের কড়া প্রহরায় চলছে মঞ্চ তৈরিসহ অন্য সব কাজ। ছায়ানটের এ অনুষ্ঠান শুধু বাঙালির বর্ষবরণের অনুষঙ্গই নয়, প্রতিবাদের ভাষাও শিখিয়েছে।
শিশুপার্কের সামনে 'জাগো নব আনন্দে' স্লোগানে ঋষিজ শিল্পগোষ্ঠী শোনাবে বাউল গান।
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিদায় নেবে বাংলা ১৪১৭ সাল, বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাঙালি মেতে উঠবে নতুন বর্ষ বরণে।
ইতিহাস বলে, রাজস্ব আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবরের যুগে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। বর্ষ শুরুর সে দিনটিই এখন বাঙালির প্রাণের উৎসব।
বাদশাহ আকবরের নবরত
bdnews24