যশোর, এপ্রিল ১২ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বাঘারপাড়া উপজেলায় চাঁদাবাজির অভিযোগে দুই তরুণকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। তাদের দু'টি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।
এর আগে 'চাঁদাবাজদের' ছুরিকাঘাতে আমিরুল ইসলাম নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে গাইদঘাট-পুলেরহাট বাজারে পিটুনির শিকার দুই সন্দেহভাজন ছিনতাইকারী হলেন- সদর উপজেলার রাজাপুর গ্রামের বাছের ও সোহাগ।
গুরুতর আহত বাছেরকে ঢাকা পাঠানো হয়েছে। এছাড়া আমিরুলকে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং সোহাগকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলেরহাট বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান, কয়েকজন তরুণ তার কাছে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করে মোবাইলে হুমকি দিয়ে আসছিলো।
সকালে বাছের, সোহাগসহ কয়েকজন মোটরসাইকেলে তার কাছে আসে। চাঁদা না পেয়ে তারা আমিরুলকে অপহরণের চেষ্টা চালায়। তারা ছুরিকাঘাতে আমিরুলকে জখম করে।
ওই সময় আমিরুলের চিৎকারে লোকজন এসে মোটরসাইকেলসহ বাছের ও সোহাগকে ধরে পিটুনি দেয়। মোটরসাইকেল দু'টি জ্বালিয়ে দেয়।
এ ব্যাপারে সোহাগ বলেন, রাজাপুর স্কুলের পিয়ন নাজমুল কিছু টাকা পেত আমিরুলের কাছে। আমিরুল সেই টাকা দিতে তালবাহানা করায় তারা ঘটনাটি মীমাংসা করতে সেখানে যান। ওই সময় আমিরুলের লোকজন তাদের উপর হামলা চালায়।
এ ব্যাপারে গাইদঘাট-পুলেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিরুলের উপর হামলা চালালে আশপাশের লোকজন তাদের বাধা দেয়।
যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রথমে ব্যবসায়ী আমিরুলকে ছুরিকাঘাত করে যুবকরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩৫৪ ঘ.
bdnews24