২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডাকাতের গুলিতে নিহত ১

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাকাতদের গুলিতে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

গাজীপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাকাতদের গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, উপজেলার মোক্তারপুর গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত হারুন-উর-রশিদ ওরফে সাধন (৪০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। নিহতের ভাই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রশিদুল আলম সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে ১৮-২০ জন ডাকাত তার বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে ঘুম থেকে তাকে ডেকে তোলে এবং পরে ঘরের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে। তিনি বলেন, ডাকাতরা নগদ ১ লাখ ২৭ হাজার টাকা ও ৮-৯ ভরি স্বর্ণলঙ্কার লুটে নেয়। পরে তারা একইভাবে সাধনকে ঘর থেকে ডেকে তুলে এবং তার ঘরে ঢুকে ব্যবসার ৫ লাখ টাকা লুটে নেওয়ার সময় সাধনের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। "ধস্তাধস্তির এক পর্যায়ে এক ডাকাতের মুখে বাধা কাপড় খসে পড়লে সাধন তাকে চিনে ফেলে। এ সময় সাধনকে এক ডাকাত গুলি করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মঙ্গলবার সকালে কালীগঞ্জ থানার ওসি কাজী দাউদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩২২ ঘ.