২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ এপ্রিল বিক্ষোভের কর্মসূচি বিএনপির

তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আগামী ১৬ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 07:23 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আগামী ১৬ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। মঙ্গলবার সহযোগী সংগঠনগুলোকে নিয়ে যৌথসভার পর সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে তারেক রহমান ও আরাফাত রহমানের বিরুদ্ধে যেভাবে বক্তব্য রেখেছেন, তাতে তার রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি, এটা স্বাধীন বিচার বিভাগের ওপর সরকারের সরাসরি হস্তক্ষেপ।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিসভার বৈঠকে খালেদা জিয়ার দুই ছেলে তারেক ও আরাফাতের মুদ্রা পাচার মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন বলে মন্ত্রিসভার বিভিন্ন সদস্যকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ হয়। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে যৌথসভায় আগে ঘোষিত কর্মসূচি সফল করার সিদ্ধান্তও হয়। গ্যাস সঙ্কটের অবসানে আগামী ১৮ এপ্রিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ২৬ এপ্রিল দ্রব্যমূল্য, শেয়ার বাজার কেলেঙ্কারির হোতাদের বিচার দাবিতে ৫ মে বিএনপি বিক্ষোভ করবে। এছাড়া মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৯ মে দেশব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে বিএনপির। ফখরুল বলেন, "এ সরকার একদলীয় শাসনের দিকে যাচ্ছে। তারা বিতর্কিত নারী নীতির মাধ্যমে দেশকে বিভক্ত করছে। এ সরকার সংবিধানবিহীনভাবে দেশ পরিচালনা করায় সঙ্কট সৃষ্টি হয়েছে।" সভায় কেরানীগঞ্জে বিএনপি নেতা-কর্মী এবং ছাত্রদল দক্ষিণ সভাপতি হাবিবুর রশিদ হাবিবের ওপর হামলায় নিন্দা জানানো হয়। ফখরুলের সভাপতিত্বে বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতাদের মধ্যে ছিলেন সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, রাজিয়া ফয়েজ, সেলিমা রহমান, চেয়ারপাসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আবদুল হালিম, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, গোলাম আকবর খন্দকার, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার দুলু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ। সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২০ ঘ.