২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে লুণ্ঠিত স্বর্ণের ব্যাপারে তদন্তে গিয়ে পুলিশ লাঞ্ছিত

সিলেটে ডাকাতদের লুণ্ঠিত স্বর্ণের ব্যাপারে তদন্ত করতে গিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের কাছে লাঞ্ছিত হয়েছেন পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

সিলেট, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ডাকাতদের লুণ্ঠিত স্বর্ণের ব্যাপারে তদন্ত করতে গিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের কাছে লাঞ্ছিত হয়েছেন পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল। সোমবার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজার রহমান ম্যানসনে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। লাঞ্ছিত পুলিশ সদস্যরা হলেন সুনামগঞ্জের ছাতক থানার এসআই হারুন-উর-রশিদ, কনস্টেবল তৌহিদ ও সিলেট কোতোয়ালী থানার লামাবাজার ফাঁড়ির এসআই সোহেল রানা। ছাতক থানার এসআই হারুন-উর-রশিদ সাংবাদিকদের জানান, ১১ মার্চ ছাতক শহরের লাকি কমিউনিটি সেন্টারের মালিক শাহনেওয়াজের বাসায় ডাকাতি হয়। ওই বাসা থেকে ডাকাতরা বেশ কিছু স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এ ঘটনায় রায়হান ও দুলাল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার তারা সিলেটের বন্দরবাজারে রহমান ম্যানসনের শাপলা জুয়েলার্সে বিক্রি করেছে। এস আই হারুন বলেন, "ঘটনার তদন্তে তিনি সোমবার দুপুরে রায়হান ও দুলালকে সাথে নিয়ে শাপলা জুয়েলার্সে যান।" ডাকাতদের লুণ্ঠিত স্বর্ণ ক্রয়ের ব্যাপারে জুয়েলার্সের কর্মচারী তারেককে জিজ্ঞাসা করলে স্বর্ণ ব্যবসায়ীরা জড়ো হয়ে পুলিশকে মার্কেট থেকে বের করে দেন। পরে ব্যবসায়ীরা বন্দরবাজার হকার পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এসে ব্যবসায়ীদের বুঝিয়ে সরিয়ে দেন। পরে মেয়র পুলিশ ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে মেয়র স্বর্ণ ক্রয়ের আগে যাচাই বাছাই করা এবং লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারে পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এ ব্যাপারে রহমান ম্যানসন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের সাথে ভুল বোঝাবুঝির ফলে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।" লুণ্ঠিত স্বর্ণ তাদের মার্কেটের কোনো দোকানে বিক্রি হয়ে থাকলে তা উদ্ধারে ব্যবসায়ী সমিতি পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৪০ ঘ.