দিনাজপুর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রায় আড়াইশ শ্রমিক। শ্রমিক নেতাকে কাজে যোগ দিতে বাধা দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছিলো তারা।
রোববার সকাল সোয়া ৯টা থেকে শ্রমিকরা ধর্মঘট শুরু করে। তবে আলোচনার পর রাত ৯টায় তারা কাজে ফেরে বলে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু তাহের জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, "শ্রমিকরা নিজেদের ভুল বুঝতে পেরে কর্মসূচি প্রত্যাহার করেছে।"
তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান বলেন, "কর্তৃপক্ষের সঙ্গে রাতে বৈঠকে আমাকে চাকরিচ্যুত করা হবে না বলে মৌখিক আশ্বাস মিলেছে। এরপরই আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।"
নুরুজ্জামানকে কর্তৃপক্ষ কাজে যোগ দিতে বাধা দেওয়ায় শ্রমিকরা এ ধর্মঘট ডাকে।
নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ পাওয়া শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের কাগজপত্র ৭ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) পাঠানোর কথা ছিলো। তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে সেই কাগজপত্র পিডিবিতে পাঠায়নি।
তিনি বলেন, "কাগজপত্র না পাঠানোর কারণ জানতে কয়েকজন শ্রমিক নেতাসহ শনিবার প্রধান প্রকৌশলী আবু তাহেরের কাছে যাই। এ সময় তিনি আমাদের লাঞ্ছিত করে অফিস থেকে বের করে দেন। এরপর রোববার সকালে কর্মস্থলে গেলে কর্তৃপক্ষ আমাকে কাজে যোগ দিতে দেয়নি।"
এরপরই শ্রমিক কর্মস্থল থেকে বের হয়ে এসে ধর্মঘট শুরু করে বলে জানান তিনি।
তবে প্রধান প্রকৌশলী তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরুজ্জামান অফিসে অসদাচারণ ও হুমকি দিয়েছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে তাকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩৮ ঘ.
bdnews24