ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাস চাপায় ভাই ও বোনের মৃত্যু হয়েছে। আহত হন তাদের মা।
এদিকে ঠাকুরগাঁওয়ে বাস চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি জানান, রোববার বিকালে ঢাকা-রংপুর মহাসড়কে বত্রিশমাইল এলাকায় নিহত হয় শিফাত (৪) ও রুমানা (৯)।
তাদের মা শাহানা বেগমকে গুরুতর আহত অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাদের বাড়ি উপজেলার ধাপেরহাট আমবাগান গ্রামে।
সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বলেন, মায়ের সঙ্গে এ দু'জন রিকশাভ্যানে নানাবাড়ি চণ্ডিপুর যাচ্ছিল।
পথে রিকশাভ্যান থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় একটি তাদের বাস চাপা দিলে ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরবস্তি এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন আব্দুল হামিদ ছুটুন (৬০)।
ছুটুন বালিয়াডাঙ্গী উপজেলার একজন ব্যবসায়ী।
রোববার সকালে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়ক দিয়ে বাজার থেকে সাইকেলে বাড়ি ফেরার সময় একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার ওসি ছফিরউদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.
bdnews24