কুড়িগ্রাম, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে আকবর আলী হত্যা মামলায় রায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিম রোববার এ রায় দেন।
এছাড়া একজনকে তিন বছর কারাদণ্ড এবং দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনজন হলেন নুরনবী, মো: রব্বানী ও মো: সেকেন্দার আলী। এদের মধ্যে নুরনবী ও রব্বানী পলাতক রয়েছেন।
তিন বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হলেন জরিনা বেগম। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
খালাস পেয়েছেন শিরিন বেগম ও স্বপ্না বেগম। আসামিদের প্রত্যেকের বাড়ি নাজিরা মিয়াপাড়ায়।
মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৯ সালের ২০ অগাস্ট কুড়িগ্রাম শহরের নাজিরা মিয়াপাড়ার আকবর আলীর ওপর অভিযুক্ত আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় পুলিশ সদর থানায় মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯০১ ঘ.
bdnews24