২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আদর্শ ও রাজনীতির কারণে ইউনূসকে যুক্তরাষ্ট্রের সমর্থন'

অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, আদর্শগত ও রাজনৈতিকভাবে টিকে থাকতে মার্কিন যুক্তরাষ্ট্র মুহাম্মদ ইউনূসকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, আদর্শগত ও রাজনৈতিকভাবে টিকে থাকতে মার্কিন যুক্তরাষ্ট্র মুহাম্মদ ইউনূসকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, অনেকে মনে করেন হিলারির [হিলারি ক্লিনটন] সঙ্গে ব্যক্তিগতভাবে ইউনূসের ভালো সম্পর্ক। তাই যুক্তরাষ্ট্র ইউনূসকে টিকিয়ে রাখতে চাইছে। ব্যক্তিগত সম্পর্কের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষে অবস্থান নেয় না। দুটি কারণে মার্কিনীরা ইউনূস ও ক্ষুদ্রঋণের পক্ষে অবস্থান নিয়েছে- এ কথা উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, প্রথমত এটি একটি ইন্ডাস্ট্রি হিসাবে দাড়িয়েছে। মন্দায় এমনিতেই তাদের অর্থনীতির অবস্থা খারাপ। এ অবস্থায় তারা আরেকটি ধকল ডেকে আনতে চাইছে না। "দ্বিতীয়ত এটি একটি মডেল হিসাবে দাঁড়িয়েছে। এটা নিয়ে বিশ্বময় তারা ব্যাপক প্রচার চালাচ্ছে। এ মডেলটি ব্যর্থ প্রমাণিত হলে সাম্ভাব্য বিকল্পগুলো তাদের জন্য আদর্শগত ও রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে। তাই যে কোন মূল্যে তারা এর পতন ঠেকাতে চায়।" অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। বিষয়টি নিয়ে ইউনূস আদালতে গেলে হাইকোর্টও ওই আদেশকে বৈধতা দেয়। পরে আপিল বিভাগও হাইকোর্টের আদেশ বহাল রাখায় ইউনূস আপিল বিভাগের আদেশ প্রত্যাহারের আবেদন করেছেন গত ৫ এপ্রিল। এর শুনানি আগামী ২ মে পর্যন্ত মুলতবি রয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইক বাংলাদেশ সফরে এসে বলেন, ইউনূস বিষয়ে সন্তোষজনক সমাধান না হলে তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলবে। 'ক্ষুদ্রঋণ বৃহৎ পুঁজি ও ড. ইউনূস বিতর্ক' শিরোনামে শনিবারের সভা আয়োজন করে গণসংহতি পত্রিকা। আনু মুহাম্মদ বলেন, দারিদ্র বিমোচনের কথা বলে রাষ্ট্রীয় অনেক সুবিধা নিয়ে এই ব্যবসা করা হয়েছে। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে তহবিল স্থানান্তরের অভিযোগ প্রসঙ্গে ব্যাংকের উত্তর ছিলো উভয় প্রতিষ্ঠান একই- উভয়ই দারিদ্র বিমোচনে কাজ করছে। এ সম্পর্কিত নরওয়েজিয়ান ফিল্মের জবাবও তারা একইভাবে দিয়েছে। "আসলে এগুলোর মাঝে কোনো সম্পর্ক নেই। এক গ্রামীণ ব্যাংকের নাম ভাঙিয়ে তারা অন্যান্য প্রতিষ্ঠানের ব্যবসা গুছিয়ে নিয়েছে।" এখন গ্রামীণ ব্যাংক সম্পর্কে কথা বললেই অনেকে চমকে যাচ্ছেন- এ কথা উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, এর কারণ হচ্ছে, এর সব কার্যক্রম এতোদিন গোপনে হয়েছে। এর কার্যক্রম বা দুর্নীতি নিয়ে কোন তদন্ত হয়নি। তদন্তের উদ্যোগও নেওয়া হয়নি। "বলা হয়, গ্রামীণ ব্যাংকের নয় পরিচালক ঋণগ্রহিতা নারীদের ভোটে নির্বাচিত হয়। কিন্তু ৭০ থেকে ৮০ লাখ মানুষ ভোট দেয় অথচ আমরা কেউই টের পাই না।" গণসংহতি পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২০৮ ঘ.