কক্সবাজার, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহেশখালীর ধলঘাটা ও সোনাদিয়া উপকূল থেকে শুক্রবার ও শনিবার তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে শনিবার পাওয়া দু'জনের পরিচয় জানা গেছে। দুই সপ্তাহ আগে বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার থেকে ফেলে দেওয়া ১২ মাঝিমাল্লার মধ্যে এরাও ছিলেন।
শনিবার মহেশখালীর ধলঘাটা উপকূল থেকে উদ্ধার করা হয় চকরিয়ার বদরখালী এলাকার শাহআলম (৩৮) ও আবদুল মান্নানের (১৭) লাশ।
তবে শুক্রবার মহেশখালীর সোনাদিয়া উপকূলে পাওয়া লাশটির পরিচয় জানা যায়নি। এটিও নিখোঁজ জেলেদের একজন বলে ধারণা করা হচ্ছে।
মার্চের শেষ সপ্তাহে জলদস্যুরা একটি মাছধরা ট্রলারের ১২ মাঝি-মাল্লাকে সাগরে ফেলে দেয়। এর আগে দুইজন পানিতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে আসেন।
এ নিয়ে ওই ট্রলারের ১৪ জনের মধ্যে তিনজনের লাশ ও দুইজন জীবিত উদ্ধার হল। বাকি নয়জন এখনো নিখোঁজ।
ঘটনার দিন সাগরে ঝাঁপিয়ে পড়েছিলেন বদরখালী এলাকার সালাহ উদ্দিন ও হেফাজ উদ্দিন। ঝাঁপ দেওয়ার পর আরেকটি ট্রলারের লোকজন তাদের কূলে নিয়ে আসে।
মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শওকত হোসেন বলেন, শনিবার দুপুরে মহেশখালীর ধলঘাটা চর থেকে দু'টি বিকৃত লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা লাশ দু'টি সনাক্ত করেন।
এছাড়া শুক্রবার বিকালে সোনাদিয়া উপকূল থেকেও একটি বিকৃত লাশ উদ্ধার করা হয়। এটিও নিখোঁজ জেলেদের একজন বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
এসআই শওকত হোসেন আরো জানান, প্রায় দুই সপ্তাহ আগে চকরিয়া উপজেলার বদরখালী এলাকার একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে জলদস্যুদের কবলে পড়ে। ট্রলারটির ১৪ মাঝি মাল্লার মধ্যে ১২ জনকে মারধর করে ও কুপিয়ে সাগরে ফেলে দেয় তারা। পরে ট্রলারটি জ্বালিয়ে দেয়।
ট্রলার মালিক মোহাম্মদ মিন্টু সাংবাদিকদের বলেন, ট্রলারটি নতুন তৈরি করে প্রথমবার সাগরে পাঠিয়েছিলেন। জাল ফেলার আগেই ট্রলারটি জলদস্যুদের কবলে পড়ে। দু'জন জেলে বেঁচে ফিরে এসেছে।
বেঁচে যাওয়া জেলে সালাহউদ্দিন ও হেফাজ উদ্দিন সাংবাদিকদের বলেন, ট্রলারটি সাগরে যাওয়ার পর মহেশখালীর কাছাকাছি অন্য একটি ট্রলার নিয়ে জলদস্যুরা তাদের আক্রমণ করে। জলদস্যুরা তাদের সবাইকে বেঁধে ফেলতে শুরু করলে তারা দু'জন সাগরে ঝাঁপ দেন।
সালাহ উদ্দিন বলেন, "রাতের আঁধারে সাগরে ভাসতে ভাসতে দেখেছি আমাদের ট্রলারটি দাউ দাউ করে জ্বলছে। অন্যদের কি দশা হয়েছে আমরা জানি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২১০৮ ঘ.
bdnews24