ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য দেশে একটি আন্তর্জাতিক সালিশ নিষ্পত্তি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
রাজধানীর পান্থপথে সুবাস্তু টাওয়ারে 'বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার' (বিআইএসি) নামে এই কেন্দ্র স্থাপিত হয়েছে।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আইনমন্ত্রী শফিক আহমেদ শালিস কেন্দ্রটির উদ্বোধন করেন।
তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসা করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হন। সেক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির জন্য সিঙ্গাপুর অথবা অন্য কোনো দেশের সালিশ নিষ্পত্তি কেন্দ্রে তাদের যেতে হয়। এখন দেশে এই কেন্দ্রটি স্থাপন হওয়ায় ব্যবসায়ীরা এখানেই নালিশ করতে পারবেন।
বিদেশি বিনিয়োগকারীরা এদেশে আরো বিনিয়োগ করতে আগ্রহী হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, তারা (বিদেশিরা) কোনো সমস্যায় পড়লে কেন্দ্রটিতে নালিশ জানাতে পারবেন। কারণ আদালতে কোনো মামলা করলে তা দীর্ঘদিন ঝুলে থাকে। এই ভয়ে অনেকে আদালতে যেতে আগ্রহী নন।
এই কেন্দ্রটি ২০০১ সালের 'আর্বিট্রেশন' আইনের অধীনে পরিচালিত হবে বলে জানান আইনমন্ত্রী।
আন্তর্জাতিক ব্যবসায়ী সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) যৌথভাবে এই কেন্দ্রটি স্থাপন করেছে।
আইসিসি'র সভাপতি এবং বিআইএসি'র চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, এই কেন্দ্রটি বাংলাদেশ সরকারের একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য ব্যবসায়ীদের স্বার্থে এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, বিআইএসি'র প্রধান নির্বাহী তোফিক আলী, ডিসিসিআই'র সভাপতি আসিফ ইব্রাহীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/পিডি/১৯৫৯ ঘ.
bdnews24