২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী জাতিসত্ত্বার স্বীকৃতি চাই: সন্তু লারমা

সংশোধিত সংবিধানে আদিবাসী জাতিসত্ত্বার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

রাঙামাটি, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত সংবিধানে আদিবাসী জাতিসত্ত্বার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করে চুক্তি পুরোপুরি বাস্তবায়নের দাবিও জানিয়েছেন পাহাড়ি এ নেতা। বর্ষবরণকে কেন্দ্র করে রাঙামাটিতে শনিবার আদিবাসী বিভিন্ন জনগোষ্ঠী আয়োজিত চার দিনের অনুষ্ঠানের উদ্বোধনীতে যোগ দেন সন্তু লারমা। 'বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ২০১১ কমিটি' এ আয়োজন করে। পাহাড়িদের বিভিন্ন জনগোষ্ঠী বর্ষবরণের উৎসবকে ভিন্ন ভিন্ন নামে ডাকে। সংবিধান সংশোধনের চলমান প্রক্রিয়ার প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি সন্তু লারমা বলেন, "মহাজোট সরকার সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তাতে আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতির দাবি জানালেও সরকার আমাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নামে সাংবিধানিক স্বীকৃতি দিতে চায়। এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।" বাংলাদেশের স্বাধীনতার পর সংসদে জাতিসত্ত্বার স্বীকৃতি দাবি করেছিলেন তৎকালীন সংসদ সদস্য ও সন্তু লারমার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা। পরবর্তীতে পাহাড়ে সেনা অভিযান শুরু হলে সশস্ত্র যুদ্ধ শুরু করেন সন্তু লারমারা। ১৯৯৮ সালে সরকারের সঙ্গে চুক্তির পর অস্ত্র ছাড়ে পাহাড়িরা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আওতায় পাহাড় থেকে সব অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের পাশাপাশি পার্বত্যাঞ্চলে সেনাবাহিনীর অভিযান 'উত্তরণ' এখনো সচল রয়েছে দাবি করে তা বন্ধ করার দাবি জানান আদিবাসী ফোরামের চেয়ারম্যান সন্তু লারমা। তিনি বলেন, "আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা নেওয়ার দুই বছর পার হলেও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বরং এ সরকারের আমলে আদিবাসীদের ওপর সাম্প্রদায়িক হামলা, জায়গা-জমি জবরদখল অব্যাহতভাবে চলছে।" প্রতিপক্ষ পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নিষিদ্ধের জন্যও সরকারের প্রতি দাবি জানান জেএসএস সভাপতি। পার্বত্য শান্তি চুক্তির পর এর বিরোধিতা করে এক দল পাহাড়ি গড়ে তোলে ইউপিডিএফ সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে জেএসএস-ইউপিডিএফ সংঘাত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০০ ঘ.