রাজশাহী, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাট উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ভোরে উপজেলার শিমুলিয়া গ্রামে বাড়ির পাশের একটি লিচু বাগান থেকে গলায় ওড়না পেঁচানো রক্তাক্ত অবস্থায় জুলিয়া আকতারের (১৬) লাশ উদ্ধার করা হয়। সে শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। বাবার নাম রুস্তম আলী।
পরিবারের অভিযোগ, রাতে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
চারঘাট থানার ওসি (তদন্ত) শামশুল হক দুপুরে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।"
পুলিশ ও এলাকাবাসী সাংবাদিকদের জানায়, শুক্রবার রাতে শিমুলিয়া স্কুল মাঠে একটি ইসলামী জলসা চলছিলো। বাড়ির লোকজন ওই জলসা শুনতে যায়। রাত সাড়ে ৯টার দিকে জুলিয়া তার প্রতিবেশী এক বোনের সঙ্গে জলসা শুনতে যাওয়ার পথে হঠাৎ পেট ব্যথা অনুভব করলে আবার বাড়িতে ফিরে আসে।
জুলিয়ার বাবা রুস্তম আলী সাংবাদিকদের জানান, রাত ১২টার দিকে বাড়িতে ফিরে এসে জুলিয়াকে না পেয়ে খোঁজ করেন। তবে রাতে কোথাও তাকে পাওয়া যায়নি।
তিনি বলেন, "ভোরে বাড়ির পাশের এক লিচু বাগানের মধ্যে এলাকাবাসী গলায় ওড়না পেঁচানো অবস্থায় জুলিয়ার লাশ পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।"
তিনি অভিযোগ করেন, জুলিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে তিনি সুনির্দিষ্টভাবে কারো জানাতে পারেননি।
ওসি জানান, লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪৯ ঘ.
bdnews24