রংপুর, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি গুদাম থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) দু'শ বস্তা চার উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গুদাম কর্মচারী আব্দুল হালিমকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশ নিয়ে ভেন্ডাবাড়ির মিলকী এলাকায় এ অভিযান চালান।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে পীরগঞ্জের ইউএনও ফিরোজ আহাম্মেদ ও পীরগঞ্জ থানার ওসি রওশন মোস্তফার নেতৃত্বে পুলিশ এলাকার আব্দুল হামিদের গুদামে অভিযান চালায়।
গুদামের মালিক আব্দুল হামিদকে গ্রেপ্তার করা যায়নি।
ইউএনও ফিরোজ আহাম্মেদ বলেন, ওই গুদাম থেকে প্রতিিিট ৫০ কেজির ৭৫ বস্তা আতপ, ৭০ বস্তা সিদ্ধ চাল এবং প্রতিটি ৮৪ কেজির ৪০ বস্তা সিদ্ধ চাল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, চালগুলো খোলা বাজারে বিক্রির জন্য সরকারি খাদ্য গুদাম থেকে সরবরাহ করা হয়েছিলো, যা ডিলাররা কালো বাজারে বিক্রি করে দিয়েছে।
গুদাম মালিক আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে এই চাল ক্রয় করে বাজারে বিক্রি করে আসছিলেন বলে ইউএনও জানান।
পীরগঞ্জ থানার ওসি রওশন মোস্তফা জানান, গ্রেপ্তার আব্দুল হালিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৬ ঘ.
bdnews24