২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ছাত্রলীগ সভাপতি লাঞ্ছিত

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন শুক্রবার সিরাজগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 06:55 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন শুক্রবার সিরাজগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমর্থিতরা এ ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোমিন হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ২ জুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলেও তার আর করা হয়নি। এ নিয়ে সভাপতি ও সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শনিবার প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জ সফর উপলক্ষে মাহমুদ হাসান রিপনসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলীয় কার্যালয়ে পৌঁছান। এ সময় ছাত্রলীগ জেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান সোহেল কেন্দ্রীয় নেতাদের এককভাবে অভ্যর্থনা জানালে সাধারণ সম্পাদক জাকির হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এস এম মোমিন বলেন, এক পর্যায়ে মাহমুদ হাসান রিপনসহ অন্যরা কার্যালয় ত্যাগ করে গাড়িতে ওঠেন। এ সময় সাধারণ সম্পাদকের সমর্থকরা রিপনের গাড়িতে চড়াও হয়। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত আওয়ামী লীগ নেতা আলগমীর আলামিন কাজল, উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সিরাজগঞ্জ চেম্বারের সভাপদি সৈয়দ আব্দুর রউফ মুক্তা পরিস্থিতি শান্ত করেন। জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, তিনি কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা দেওয়ায় এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রিপনকে লাঞ্ছিত করার অভিযোগ সঠিক নয় দাবি করে সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সভাপতি এককভাবে সংবর্ধনা দেওয়ায় তার সমর্থকরা উত্তেজিত হয়ে উঠেছিল। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্বের কারণেই উত্তেজনা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে দুই পক্ষকে ডেকে বিষয়টির সমাধান করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০৪৬ ঘ.