২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মাছ লুট করেছে দুর্বৃত্তরা

ঢাকার সাভারে একটি পুকুরের মাছ লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা মালিকপক্ষের লোকজনকে পিটিয়ে আহতও করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 06:11 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

সাভার, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে একটি পুকুরের মাছ লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা মালিকপক্ষের লোকজনকে পিটিয়ে আহতও করে। শুক্রবার দুপুরে সাধাপুরে হিন্দুপাড়ায় এ হামলা চালানো হয়। পরে পুলিশ এলে তারা পালিয়ে যায়। আহতরা হলেন- জাহানারা বেগম (৪৭), তার ছেলে অহিদুল ইসলাম (২২) ও জাহিদুল ইসলাম (১৮) এবং ভাইপো সাইফুল ইসলাম (২৭)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় বাচ্চুর নেতৃত্বে একদল যুবক ওমর আলীর পুকুর থেকে মাছ ধরে নেয়। ওই সময় পুকুরের মালিক ওমর আলী বাড়িতে ছিলেন না। পরিবারের লোকজন তাদের বাধা দেন। এ সময় সন্ত্রাসীরা তাদের মারধর করে। কয়েকশ' এলাকাবাসীর সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী পুকুরে তারা মাছ ধরে। ওমর আলীর স্ত্রী জাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে পুকুর সেচে তাদের পরিবারের লোকজন মাছ ধরছিলেন। ওই সময় অতর্কিতে সাদাপুর এলাকার চুন্নু বাহিনীর লোকজন এসে ড্রাম ভরে শৈল, শিং, মাগুর, বোয়াল ও তেলাপিয়া মাছ জোরপূর্বক নিয়ে যায়। বাধা দিলে তারা পরিবারের সবাইকে মারধর করে। শত শত এলাকাবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও কেউ প্রতিবাদ করার সাহত করেনি। প্রায় দেড় লাখ টাকার মাছ লুট করেছে তারা। এর আগেও তারা মাছ নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। আহত বিশ্ববিদ্যালয় ছাত্র অহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা শুধু মাছই লুট করেনি। মারধরও করেছে। বিকাশ ও গৌতম নামের দু'জন তার পকেট থেকে মাছ বিক্রির ৪৫ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় আব্দুল আলীম, নূর মোহাম্মদসহ অনেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাচ্চু ও তার বাহিনীর লোকজন খুই ভয়ঙ্কর প্রকৃতির। তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি। ঘটনাস্থলে যাওয়া সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কায়সার মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুন্নু বাহিনীর প্রধান চুন্নুর বিরুদ্ধে সাভার থানায় একাধিক মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাত দিয়ে তিনি বলেন, চুন্নুসহ তার বাহিনীর গৌতম, বিকাশ, হোসেন, জুলমত, গণেশ, জুম্মন, হাসেম, গোপাল, রঞ্জিত, বিনয়, সঞ্জিত, আলম, শুকুর আলীসহ অর্ধশতাধিক সন্ত্রাসী বাহিনী তাণ্ডব চালিয়ে মাছ লুট করেছে। তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে, বলেন তিনি। এদিকে চুন্নু বাহিনীর প্রধান মো. চুন্নু মিয়া ফোনে বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, "আমার কোনো বাহিনী নেই। মাছ লুটের ঘটনায় আমি জড়িত নই। তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.