দিনাজপুর, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাঁটাই করা পাঁচ শ্রমিককে পুনর্বহালসহ ১১ দফা দাবিতে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকরা আন্দোলন কর্মসূচি দিয়েছে।
গত বছরের ২৫ নভেম্বর পাঁচ শ্রমিক নেতাকে চারকিচ্যুত করা হয়।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কো. লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করে।
মধ্যপাড়া কঠিন শিলা খনির প্রধান গেটে এক শ্রমিক সমাবেশে তাদের আন্দোলনে সমর্থন দেয় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক কর্মচারী ফেডারেশন।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল ইসলাম চাকুরিচ্যুত আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
তাদের কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল কালো ব্যাজ ধারণ, ১৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল খনিগেটে সভা, ২২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল এক ঘণ্টা কর্মবিরতি, ২৮ এপ্রিল থেকে এক সপ্তাহ দুই ঘণ্টা কর্মবিরতি।
এ সময়ের মধ্যে দাবি না মানলে আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।
তদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে- ছাঁটাই পাঁচ শ্রমিককে পুনর্বহাল, শ্রমিক নিয়োগে আউট সোর্সিং প্রথা বাতিল করে সরাসরি নিয়োগদান, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, দ্বিতীয় শিফট চালু, মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকিভাতা প্রদানসহ দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা কোম্পানি বহন করা, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স ও হাসপাতাল চালু, ভূগর্ভে কর্মরত জনবলের সুরক্ষা, তাদের নিরাপত্তায় আধুনিক মানসম্মত যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিতকরণ, চাকরির বয়স ৫৭ থেকে ৬০ বছরে বৃদ্ধি, খনির অভ্যন্তরে ও ভূপৃষ্ঠে কর্মরত শ্রমিকদের মাসিক খনি ভাতা প্রদান এবং কোম্পানির যেকোনো নীতিমালা প্রণয়ন কমিটিতে ইউনিয়নের প্রতিনিধিত্ব রাখা।
গত বছর ৯ নভেম্বর মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে বিভিন্ন পদে নিয়োগ পাওয়া কয়েকজন কর্মকর্তা কাজে যোগ দিতে আসেন।
ওই সময় শ্রমিক কর্মচারীরা তাদের বাধা দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে- কর্তৃপক্ষের এমন অভিযোগে ২৫ নভেম্বর কঠিন শিলা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল হক মোমিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা মেহেদী হাসান, সাদেকুল ইসলাম ও শরিফুল ইসলামকে চাকুরিচ্যুত করে নিয়োগকারী প্রতিষ্ঠান ব্লু স্টার।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কো. লিমিটেড'র মহা ব্যবস্থাপক (জিএম-উৎপাদন) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উক্ত পাঁচ শ্রমিককে ছাঁটাইয়ের পর শ্রমিক অসন্তোষ না হওয়ায় পাথর উত্তোলন বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে আবার শ্রমিক আন্দোলন শুরু হওয়ায় উত্তোলন ব্যাহত হওয়াই স্বাভাবিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৬ ঘ.
bdnews24