ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালির লামপেডুসা দ্বীপের কাছে ভূ-মধ্যসাগরে বুধবারের নৌকাডুবিতে অন্তত ছয়জন বাংলাদেশি বেঁচে গেছে।
জেনেভা থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জ্যঁ-ফিলিপ শাওজি ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বিকালে জানিয়েছেন, ওই নৌকাডুবিতে অন্তত ছয়জন বাংলাদেশি বেঁচে গেছে।
তবে নৌযানটিতে কতজন বাংলাদেশি ছিলেন বা কতজন নিখোঁজ রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য তিনি দিতে পারেননি।
বুধবারের ওই দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশিসহ আড়াইশ'র বেশি মানুষ নিখোঁজ হয়।
তারা লিবিয়া থেকে পালিয়ে ইতালিতে যাচ্ছিলেন।
নৌকায় বাংলাদেশ, সোমালিয়া, ইরিত্রিয়া, নাইজেরিয়া, আইভরি কোস্ট, চাদ ও সুদানের নাগরিক ছিলো বলে জানিয়েছে আইওএম ও ইতালির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এএনএসএ।
উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার সকালে তৎপরতা চালালেও কাউকে উদ্ধার করতে পারেনি।
ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ নিয়ে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার সময় বুধবার ভোর ৪টার দিকে লামপেডুসার ৪০ মাইল দক্ষিণে সাগরে নৌকাটি ডুবে যায়।
ইতালির উপকূলরক্ষী বাহিনী ৪৭ জনকে উদ্ধার করে। এছাড়া স্থানীয় একটি মাছ ধরার নৌকায় উঠে তিন জন তীরে পৌঁছান।
আইওএম বলেছে, যাত্রীদের মধ্যে ৪০ জন নারী ও পাঁচ শিশু ছিলো। দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।
বার্তাসংস্থা এএনএসএ জানায়, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী রবার্তোক মারিনো বৃহস্পতিবার সেদেশের সংসদে বলেছেন, নৌকায় ২০০ যাত্রী ছিলো বলে ধারণা করা হচ্ছে। এদের বেশিরভাগই ইরত্রিয়া ও সোমালিয়ার শরণার্থী।
"তারা সংঘাত কবলিত লিবিয়া থেকে পালাচ্ছিলেন।"
দুর্ঘটনার আগে সোমবার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছিলো, লিবিয়া থেকে পালানো ৪শ'রও বেশি মানুষবাহী দুটো নৌকা নিখোঁজ হয়েছে।
এ বছরের শুরু থেকে উত্তর আফ্রিকার কয়েক হাজার অবৈধ অভিবাসী ইতালিতে গেছে। তাদের অধিকাংশই তিউনিসিয়ার উপকূল থেকে মাত্র দেড়শ' কিলোমিটার দূরত্বের লামপেডুসা দ্বীপে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/এইচএ/১৮১২ ঘ.
bdnews24