২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটভাটা থেকে ৪ বন্দি শ্রমিক উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার একটি ইটভাটা থেকে ৪ জন বন্দি শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 10:36 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

চাঁদপুর, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলার একটি ইটভাটা থেকে ৪ জন বন্দি শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিরার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের 'কে বি এম ব্রিকফিল্ড' থেকে তাদের উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, ইটভাটা শ্রমিক কালু মিয়ার পিতা রওশন আলীর অভিযোগের প্রেক্ষিতে শ্রমিকদের উদ্ধার করা হয়। তিনি জানান, ইটভাটা কর্তৃপক্ষ নানা অজুহাতে তাদেরকে ২২ দিন ধরে একটি ঘরে আটক করে রেখেছিলো। উদ্ধারকৃত শ্রমিকরা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া জেলার রসুলপুর গ্রামের আব্দুর রহমান (৪০) এবং সিদ্ধেশ্বরী গ্রামের তাহের মিয়া (৪০), খোরশেদ মিয়া (৩০) এবং কালু মিয়া (১৬)। ইটভাটা শ্রমিক আব্দুর রহমান ও কালু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইটভাটায় কাজ না করা এবং বাড়ি যেতে চাওয়ার অপরাধে তাদেরকে আটকে রাখা হয়। শ্রমিকরা অভিযোগ করে বলেন, "এই সময়ে তাদের ঠিকমতো খাবার দেয়া হতো না।" এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই সালাহউদ্দিন জানান। তিনি জানান, ইটভাটা মালিক বোরহান উদ্দিন পুলিশকে জানিয়েছেন একজন শ্রমিক সরবরাহকারীর মাধ্যমে এসব শ্রমিককে ইটভাটায় নিয়োগ দেয়া হয়। তাকে এজন্য অগ্রিম টাকাও দেয়া হয়। কিন্তু শ্রমিকরা কাজ না করে চলে যেতে চাইলে তাদের আটকে রাখা হয় বলে বোরহান পুলিশকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৩৪ ঘ.