২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ওএমএসের চালসহ ট্রাক আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে বৃহস্পতিবার রাতে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ৯৫ বস্তা চালসহ একটি ট্রাক আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 06:14 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে বৃহস্পতিবার রাতে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ৯৫ বস্তা চালসহ একটি ট্রাক আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ট্রাক চালক হাবিবুর রহমানকেও আটক করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, পৌর এলাকার চালপট্টিতে অবৈধভাবে ওএমএসের চাল বিক্রির খবর পেয়ে পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। ট্রাক থেকে চাল নামানোর সময় হাবিবুর রহমানকে হাতেনাতে ধরা হয়। প্রতিটি বস্তায় ৮৫ কেজি করে চাল আছে বলে জানান তিনি। উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ট্রাকটি কোথা থেকে এসেছে বা এই চাল কে পাঠিয়েছে তা জানা যায়নি। উপজেলা প্রশাসন বিষয়টির তদন্ত করছে। আবুল কালাম আজাদ বলেন, "সকালে উল্লাপাড়ার সরকারি কাওয়াক খাদ্য গুদাম থেকে ওএমএস ও ফেয়ার প্রইসের চাল বিতরণ করা হয়। ধারণা করা হচ্ছে সেখান থেকেই কালোবাজারে চাল এসেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০০৪ ঘ.