২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রশাসনে পদোন্নতির জন্য পরীক্ষা

পদোন্নতির জন্য শিক্ষাগত যোগ্যতায় নির্দিষ্ট নম্বরের ঘাটতি থাকা জনপ্রশাসনের কর্মকর্তাদের উপসচিব থেকে সচিব পর্যন্ত চারটি স্তরে পদোন্নতির জন্য পদোন্নতি পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট ওই শ্রেণীর কর্মকর্তাদের চিঠি দিচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতির জন্য শিক্ষাগত যোগ্যতায় নির্দিষ্ট নম্বরের ঘাটতি থাকা জনপ্রশাসনের কর্মকর্তাদের উপসচিব থেকে সচিব পর্যন্ত চারটি স্তরে পদোন্নতির জন্য পদোন্নতি পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট ওই শ্রেণীর কর্মকর্তাদের চিঠি দিচ্ছে সরকার। বুধবার থেকে সংস্থাপন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এসব চিঠি পাঠানো শুরু হয়েছে। এ শাখার কর্মকর্তা সিনিয়র সহকারি সচিব মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এ চিঠিতে সিনিয়র সহকারি সচিব থেকে উপসচিব, উপসচিব থেকে যুগ্মসচিব, যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব এবং অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতির পরীক্ষায় অংশ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবেদন করতে বলা হয়েছে। এতে আগামী ২০ এপ্রিলের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় আবেদনপত্র যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠাবে। সংস্থাপন মন্ত্রণালয়ের পাঠানো এসব চিঠির সঙ্গে আবেদনপত্র এবং প্রবেশপত্রের নমুনা পাঠানো হয়েছে। 'পদোন্নতি বিধিমালা, ২০০২' অনুযায়ী সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার জন্য ২৫ নম্বর নির্ধারিত রয়েছে। তবে এই নির্ধারিত নম্বরের চেয়ে কোন কর্মকর্তার নম্বর কম থাকলে এবং তা নির্ধারিত নম্বরের ৬০ শতাংশ বা ১৫ নম্বরের কম হলেও তাকে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে। কিন্তু এক্ষেত্রে তাদেরকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে পদোন্নতির উপযুক্ততা প্রমাণের পরীক্ষায় অংশ নিতে হবে। যেসব কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে নম্বর ১৫ এর নিচে রয়েছে, তাদের কাছেই এই চিঠি পাঠানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/কেএমএস/১৭১৩ ঘ.